ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- কাজী সালাউদ্দিনের এক বছরপূর্তির দিনে বাংলাদেশ দল দারুণ এক উপহার নিয়ে হাজির। উপহারটি এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকেট। বৃহস্পতিবার বাছাইপর্বে গ্র"পের শেষ ম্যাচে তারা ৩-০ গোলে ম্যাকাওকে হারিয়ে চার গ্র"পের সেরা রানার্স-আপ দল হিসেবে ২০১০ সালে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গত বছর এই দিনে কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে বসেছিলেন অনেক প্রতিশ্র"তি দিয়ে। সব মেলালে যার অর্থ দাঁড়ায় ফুটবলের দিন বদলের প্রত্যয়। তা পুরো হতে হয়তো অনেক সময় লাগবে তবে দল যে পরিবর্তনের হাওয়ায় গা ভাসিয়েছে তা বোধকরি দর্শকরাও বুঝতে পেরেছেন। তার শুরু হয়ে থাকল জাহিদ হোসেনের জোড়া গোলে বাংলাদেশের চ্যালেঞ্জ কাপের মূল পর্বে উত্তরণটা।
হ্যাঁ, ম্যাকাওয়ের বিপক্ষে এ ম্যাচের নায়ক জাহিদ হোসেন। বাছাইপর্ব শুরুর আগে ইনজুরি যাকে নিয়মিত একাদশে থাকতে দেয়নি। তারপরও খেলার মাঝপথে দলকে উদ্ধারের জন্য এই মিডফিল্ডারের ডাক পড়েছে বারবার। গ্র"পের প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে বদলি হয়ে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ম্যাকাওয়ের বিপক্ষেও তার ডাক পড়ে। কারণ ম্যাকাওকে চেপে ধরেও গোল বের করতে পারছিল না বাংলাদেশ। ৩৩ মিনিটে মতিউর মুন্নার বদলি হিসেবে নেমে জাহিদ মিনিট ছয়েকের মধ্যেই গোলের সন্ধান দিয়েছেন। গোল অবশ্য নিজের নয়, ডানদিক থেকে মাপা এক লব ফেলেন এনামুলের মাথায়। গত দুই ম্যাচে দুই গোল করা এই স্ট্রাইকারের হেড গোলরক্ষক গ্রিপ করতে ব্যর্থ হলে মামুনুল ইসলামের আলতো হেডে বল আশ্রয় নেয় ম্যাকাওয়ের জালে। অবশেষে ম্যাকাওয়ের সব প্রতিরোধ গুঁড়িয়ে যায়। প্রথম দু'ম্যাচ হেরে তারা এদিন শুরু থেকেই ছিল ডিফেন্সমুখো, পারলে সবাই মিলে ডিফেন্সে নেমে বাংলাদেশকে ঠেকায়।
সেই ডিফেন্সে একবার যখন চিঁড় ধরেছে তখন আর দুশ্চিন্তা কীসের। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণের ধার হয়ে গেছে দ্বিগুণ। শুরুতেই জাহিদের জোরালো শট ম্যাকাও গোলরক্ষক হেং ওয়া কোনোরকমে ফিস্ট করেন। কিন্তু ৬৮ মিনিটে তার ডান পায়ের গোলার মতো শটটি ওয়াকে নড়াচড়ারও সুযোগ দেয়নি। ৪০ গজ দূর থেকে অমন শট দেখে হয়তো বিস্মিতও হয়েছেন। এর মিনিট দুয়েক পরে আবারো গোলরক্ষককে চমকে দেয় জাহিদের ডান পা, এমিলির বানিয়ে দেওয়া বলে ডি-বক্সের ওপর থেকে দুর্দান্ত শটে হতভম্ব ওয়া! যেন সোনা দিয়ে মুড়ে দেওয়া এক পা, শট নিলে হয় গোলরক্ষক কাঁপে নয়তো বার কাঁপে। ৬২ মিনিটের শটটি পোস্টে না লাগলে তো তখনই প্রথম গোল পেয়ে যান তিনি। এনামুলের সঙ্গে ওয়াল খেলে দারুণভাবে গোলমুখ খুলে ফেলেছিলেন এই প্রতিভাবান মিডফিল্ডার। এরপর হ্যাটট্টিকের সুযোগও পেয়েছিলেন তিনি। ৮৪ মিনিটে এমিলির মাথা ঘুরে আসা বলটি একেবারে ফাঁকায় পেয়েও বাইরে মেরে সুযোগটি তিনি হাতছাড়া করেন। সদ্য ইনজুরি থেকে সেরে ওঠা স্ট্রাইকার এমিলি মিশুর জায়গায় নামেন ৬১ মিনিটে।
তবে এমিলিকে লাগেনি, জাহিদ একাই পার করে দিয়েছেন বাংলাদেশকে। ম্যাচ শেষে তাই মুখে কৃতিত্বের হাসি, "দল জিতেছে এটাই আমার কাছে বড় পাওয়া। হ্যাটট্টিকের কথা আমি সেভাবে চিন্তাও করিনি। গোলের ব্যবধান বাড়ানোর দিকেই মনযোগ ছিল সবার।" কারণ ম্যাচে নামার আগেই বাংলাদেশের প্রধান কোচ ডিডো চার গোল দাবি করে বসেছিলেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি আসেননি, আসেন শফিকুল ইসলাম মানিক, "আমরা বড় ব্যবধানে জিততে চেয়েছিলাম। তাই অল-আউট অ্যাটাকে গিয়েছিলাম শুরু থেকে। আমাদের টার্গেট ছিল অন্তত চার গোলে জেতা।"
'অল-আউট অ্যাটাকের' পরিণতি তৃতীয় ও শেষ ম্যাচে ৩-০ গোলে জয়। যেখানে বাছ্ইাপর্বের শুরুটা হয়েছিল কাম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোল জয় দিয়ে। মানে শুরু ও শেষে বাংলাদেশ দুর্বার, মাঝে কেবল অপ্রত্যাশিত ছন্দপতন।
বাংলাদেশ দল : আমিনুল, মামুন মিয়া, রজনী, আরমান আজিজ, ওয়ালী ফয়সাল, মামুনুল ইসলাম, মিশু (এমিলি), রাশেদ, মতিউর মুন্না (জাহিদ), ইমন (শরীফ), এনামুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমপি/২১৪০ঘ.
bdnews24