লন্ডন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এফএ কাপের সেমিফাইনালে এভারটনের কাছে হেরে শেষ হয়ে গেছে এক মৌসুমে পাঁচ শিরোপা জয়ের স্বপ্ন। কিন্তু চারটি শিরোপা জয়ের আশা এখনো আছে, আর সেই চারটির মধ্যে সবচেয়ে যেটি কাক্সিক্ষত সেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার এক ধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত সেমিফাইনাল প্রথম লেগের খেলায় ইংলিশ প্রিমিয়ার লিগ-সতীর্থ আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো বা ওয়েইন রুনি নন, এমনকি এ মৌসুমের সাড়া জাগানো সাইনিং দিমিতার বারবেতভ বা বুড়ো বয়সে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রায়ান গিগসও নন রেড ডেভিলদের ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রেখেছেন জন ওশিয়া। ১৮ মিনিটে এই রক্ষণপ্রহরীর দেওয়া গোলেই নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য, যদি ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারতো আরো বড় ব্যবধানেই। ম্যাচের শুরু থেকেই ছিল রেড ডেভিলদের আধিপত্য, তবে রুনি-রোনালদো-বারবেতভদের গোল পেতে দেয়নি আর্সেনালের রক্ষণভাগের দৃঢ়তা।
আগামী মঙ্গলবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনাল দ্বিতীয় লেগের ম্যাচে আবার মুখোমুখি হবে এই দুদল। বিজয়ীরা ফাইনালে খেলবে পরদিন অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা-চেলসির লড়াইয়ে বিজয়ীদের সঙ্গে। মঙ্গলবার প্রথম লেগে এই দুদলের খেলাটি শেষ হয়েছে গোলশূন্যভাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.
bdnews24