ঢাকা, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দুই স্ট্রাইকার এমিলি এবং রবিন খেলতে পারবেন না এমন ধারনাই কোচ ডিডোর, তবু তারা আছেন বাংলাদেশ দলের স্কোয়াডে। শুক্রবার এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য ঘোষিত ২৩ জনের দলে আছেন অনিশ্চয়তায় থাকা উইংগার জাহিদ হোসেনও। আর ২৫ জনের তালিকা থেকে বাদ পড়েছেন আরিফুল এবং প্রাণতোষ। রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের খেলা, বাংলাদেশ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কম্বোডিয়া, মিয়ানমার এবং ম্যাকাও।
''এই তিনজনকে দলভুক্ত করা হয়েছে যাতে আমাদের সবগুলো বিকল্পই খোলা থাকে। এমিলি এবং জাহিদ ইতিমধ্যেই শতকরা ৭০-৭৫ ভাগ ফিটনেস ফিরে পেয়েছে। আর রবিন বেশ কয়েকদিন ধরেই দলের সঙ্গে প্র্যাকটিস করছে ''--- এদের দলভুক্তির ব্যাখ্যাটা এভাবেই দিলেন দলের ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনি। ম্যানেজারের এই যুক্তির পরও একটা জিনিস পরিষ্কার, এমিলি বা জাহিদের কেউই পুরো ৯০ মিনিট খেলতে পারবেন না। প্রয়োজন দেখা দিলে সর্বোচ্চ ১৫-২০ মিনিট ব্যবহার করা যেতে পারে তাদের।
চ্যালেঞ্জ কাপের বাংলাদেশ দল : আমিনুল হক (অধিনায়ক), বিপ্লব ভট্টাচার্য্য, মাযহারুল ইসলাম, মোহাম্মদ সুজন, ওয়ালি ফয়সাল, কাজী মোফাজ্জল হোসেন সৈকত, আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম নাসির, রাশেদুল ইসলাম রাশেদ, মামুন মিয়া, এনামুল হক শরীফ, মামুনুল ইসলাম মামুন, জাহিদ হোসেন, মতিউর রহমান মুন্না, রজনী কান্ত বর্মন, আরমান আজিজ, জাহেদ পারভেজ চৌধুরী, ইমন মাহমুদ, মেজবাবুল হক মানিক, জাহিদ হাসান এমিলি, মোহাম্মদ রবিন, এনামুল হক, মিথুন চৌধুরী।
বাদল রায় (দলনেতা), ইমতিয়াজ সুলতান জনি (ম্যানেজার), এডসন সিলভা ডিডো (কোচ), অ্যারিয়েল কোলম্যান (ট্রেনার), গোলাম নবী (ডাক্তার), দলিলুর রহমান (ফিজিও)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০৩৫ঘ.
bdnews24