মাদ্রিদ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে বসিয়ে রেখে প্লে মেকারের দায়িত্বটা তার কাঁধে সঁপেছিলেন কোচ পেপ গার্ডিওলা। আন্দ্রেস ইনিয়েস্তা সেই আস্থার দারুণ জবাবই দিয়েছেন বুধবার। নিজে একটি গোল করেছেন, আর স্যামুয়েল এতো', জাভি ও থিয়েরি অঁরিকে বানিয়ে দিয়েছেন আরো তিনটি। সুবাদে স্প্যানিশ প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা সেভিয়াকে ৪-০ গোলের লজ্জায় ডুবিয়ে শিরোপা জয়ের পথে আরো এক পা বাড়িয়েছে তার দল বার্সেলোনা।
দিনের অন্য ম্যাচে ডেভিড ভিয়ার জোড়া গোলে ভর করে রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়া। আর দেপোর্তিভো লা করুনা ২-০ গোলে হারিয়েছে আলমেইরাকে।
ন্যু ক্যাম্পের ম্যাচের তৃতীয় মিনিটেই অনেকটা একক প্রচেষ্টায় গোল করে ইনিয়েস্তা এগিয়ে নিয়েছেন বার্সেলোনাকে। ১৭ মিনিটে স্প্যানিশ জাতীয় দলের সতীর্থ জাভির সঙ্গে বোঝাপড়ায় গড়ে ওঠা আক্রমণ থেকে তিনি প্রিমেরা লিগায় গোলদাতাদের তালিকার শীর্ষে থাকা এতো'কে দিয়েছেন মোক্ষম এক পাস, যা থেকে মৌসুমে নিজের ২৭তম গোলটি করতে কোনোই বেগ পেতে হয়নি এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকারকে।
বিরতির পর চতুর্থ মিনিটে ইনিয়েস্তার আরেকটি দারুণ পাস থেকে জাভির গোলের পরই কার্যত শেষ হয়ে গেছে ম্যাচ। পাঁচ মিনিট পর সেই ইনিয়েস্তাই অঁরিকে দিয়েছেন আরেকটি জাদুকরী পাস, যাতে স্লাইড করে এই ফরাসি স্ট্রাইকার সেভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন। ৬০ মিনিটে গার্ডিওলা ইনিয়েস্তাকে তুলে নেওয়ার পর অবশ্য আর কোনো গোল পায়নি ক্যাটালানরা। তবে মাঠ ছাড়ার সময় সমর্থকদের প্রাণঢালা শুভেচ্ছা পেয়েছেন ইনিয়েস্তা।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্টের ব্যবধানটা আবার আগের মতো ৬-এ এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার গেটাফেকে হারিয়ে সেটা তিনে নামিয়ে এনেছিল গতবারের চ্যাম্পিয়নরা। লিগের ছয় ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার পয়েন্ট এখন ৮১, রিয়ালের ৭৬ আর টানা তিন ম্যাচ হারা সেভিয়া ৫৭ পয়েন্ট নিয়ে এখন ভ্যালেন্সিয়ার চেয়ে মাত্র ২ পয়েন্ট এগিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.
bdnews24