লন্ডন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ওয়েইন রুনি আর মাইকেল ক্যারিকের দেওয়া দুগোলে পোর্টসমাউথকে হারিয়েছে তারা। এদিনের অন্য একটি ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করায় কার্যত শেষ হয়ে গেছে শিরোপা জয়ের পথে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী চেলসির স্বপ্ন। আর আগের দিন অন্য প্রতিদ্বন্দ্বী লিভারপুলও আর্সেনালের সঙ্গে ড্র করায় এক ম্যাচ কম খেলেই পুরো তিন পয়েন্ট এগিয়ে গেছে রেড ডেভিলরা।
ছয় ম্যাচ বাকি থাকতে ইউনাইটেডের সংগ্রহ ৭৪, পাঁচ ম্যাচ হাতে নিয়ে লিভারপুলের ৭১ আর চেলসির ৬৮।
শনিবার এভারটনের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচটিতে সাইড বেঞ্চে বসে থাকা রুনি আর ক্রিস্টিয়ানো রোনালদো ফেরায় বুধবারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে আবার দেখা গেছে পুরনো রূপে। ম্যাচের নবম মিনিটেই তাদের এগিয়ে নিয়েছেন রুনি, রায়ান গিগসের বাড়িয়ে দেওয়া বলে তাকে কেবল পা-টা ছোঁয়াতে হয়েছে। বাকি সময়টায় অনেক সুযোগ মিস করার পর চ্যাম্পিয়নদের দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়েছে একেবারে শেষ দিকে, ম্যানচেস্টারের লাল জার্সি গায়ে ৬০০তম ম্যাচ খেলতে নামা পল স্কলসের পাস থেকে গোল করে ক্যারিক নিশ্চিত করেছেন তাদের জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.
bdnews24