ঢাকা, এপ্রিল২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- অনেকদিন পর বাফুফে আবার স্কুল ফুটবলের বড় আয়োজনে মনযোগী হচ্ছে। ৫৫টি জেলার ১০৪টি স্কুলের অংশগ্রহনে আগামী ২মে থেকে শুরু হবে সিটিসেল জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ।
স্কুল ফুটবলই হচ্ছে ফুটবলার তৈরির আসল জায়গা। তা বুধবার আরেকবার মনে করিয়ে দিয়েছেন কাজী সালাউদ্দিন, নিজের স্কুল জীবনের স্মৃতি টেনে বাফুফে সভাপতি বলেছেন, "শাহীন স্কুলে খেলার কথা আমার এখনো মনে পড়ে। সেখানকার পরিবেশ এবং স্যারদের খেলাধুলার প্রতি আগ্রহ ছিল অন্যরকম। শাহীন স্কুলের হয়ে আমি ফুটবল খেলতাম, সেটা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।"
তার আমলেই আবার শুরু হচ্ছে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা স্কুল ফুটবল। যথারীতি বাফুফের বড় এই আয়োজনের সঙ্গী সিটিসেল। সংবাদ সম্মেলনে উপস্থিত এই মোবাইল কোম্পানির প্রধান নির্বাহী মাইকেল সিমোরের আশা, "সিটিসেল স্কুল ফুটবলের মাধ্যমে বাফুফে সারা দেশ থেকে খুঁদে প্রতিভা খুঁজে বের করতে পারবে। তাদের স্বপ্নের পথে পাড়ি দেওয়ারও একটা মাধ্যম হতে পারে এই টুর্নামেন্ট।"
কথা ছিল ৬৪টি জেলাই এতে অংশ নেবে। বাস্তবে অংশ নিচ্ছে ৫৫টি জেলার ১০৪টি স্কুল। নিয়ম হচ্ছে, জেলা পর্যায়ে আন্তঃস্কুল প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকটি জেলার চ্যাম্পিয়ন, রানার্স-আপ স্কুল দল এখানে খেলবে। কোনো নাম পাঠায়নি নয়টি জেলা---- পঞ্চগড়, কুড়িগ্রাম, বগুড়া, মাদারীপুর, শরিয়তপুর, ভোলা, পিরোজপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর।
১০৪টি স্কুল দল নয়টি ভেন্যুতে ভাগ হয়ে খেলবে। ভেন্যুগুলো হচ্ছে, নীলফামারী, নাটোর, রাজবাড়ী, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, রাঙ্গামাটি, পটুয়াখালী, খুলনা ও কিশোরগঞ্জ। প্রথম পর্যায়ের ভেন্যূ চ্যাম্পিয়নদের নিয়ে ঢাকায় হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আ. মু. মসরুর আহমেদ জানিয়েছেন, "এই টুর্নামেন্টের জন্য বাজেট ধরা হয়েছে ৪৪ লাখ টাকা। খেলায় অংশ নেওয়ার জন্য প্রত্যেক স্কুলের জন্য অর্থ বরাদ্দ আছে। এছাড়া দলগুলোকে ফুটবল ও জার্সি দেওয়া হবে।" সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.
bdnews24