মাদ্রিদ, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবার এগিয়ে গিয়েও রিয়াল মাদ্রিদকে আটকাতে পারেনি গেটাফে। মঙ্গলবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইনের দুই গোলের সুবাদে দশ জন নিয়েও গেটাফেকে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল।
রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে দশম মিনিটেই এগিয়ে গেছে গেটাফে। সে সময় এস্তেবান গেনারোর ক্রস থেকে রবার্তো সলদাদোর হেড পিছিয়ে দিয়েছে স্বাগতিকদের। শুরু থেকেই রিয়ালের ডিফেন্সে আক্রমণের ঢেউ তুললেও গেটাফে আর কোনো গোল পায়নি প্রথমার্ধে। বরং বিরতির ঠিক আগে তাদের ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন হিগুয়েইন।
দ্বিতীয়ার্ধ ছিল চরম নাটকীয়তায় ভরা। ৮৪ মিনিটে বদলি হুয়ান অ্যালবিন গেটাফেকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেয়ার দু মিনিট পর গুতির দুর্দান্ত এক ফ্রিকিক আবার সমতায় ফিরিয়েছে রিয়ালকে। পেনাল্টি নিয়েও কম উত্তেজনা ছড়ায়নি। গেটাফের বক্সের মধ্যে ডাইভিংয়ের অপরাধে হিগুয়েইন হলুদ কার্ড দেখলেও রিয়ালের খেলোয়াড়রা পেনাল্টির দাবি করেছিলেন। কিন্তু রেফারি তাতে সাড়া দেননি।
তার দু মিনিট পর ফ্রানসিস্কো ক্যাসকুয়েরোকে ফাউল করে রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার পেপে প্রতিপক্ষকে শুধু পেনাল্টিই উপহার (!) দেননি, লালকার্ডও দেখেছেন। পেপের অপরাধ অবশ্য অমার্জনীয়। ক্যাসকুয়েরো মাটিতে পড়ে যাওয়ার পরও তার পিঠে লাথি মেরেছেন তিনি। তাই পকেট থেকে সরাসরি লালকার্ড বের করতে একটুও দ্বিধা করেননি রেফারি। তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি গেটাফে। ক্যাসকুয়েরোর নেয়া দুর্বল শট ধরতে একটুও সমস্যা হয়নি রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের।
এই সব নাটকীয় ঘটনায় ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে ঠিক তখনই গোল। ইনজুরি সময়ে হিগুয়েইনের দারুণ এক শট রিয়াল সমর্থকদের উল্লাসে ভাসিয়ে স্বাগতিকদের এনে দিয়েছে স্মরণীয় এক জয়। যে জয়ের সুবাদে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমিয়ে এনেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৩২ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৭৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৭৮। বুধবার ঘরের মাঠে সেভিয়াকে হারাতে পারলে ব্যবধানটা আবার ৬-এ নিয়ে যেতে পারবে পেপ গার্ডিওলার দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৭ঘ.
bdnews24