২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরশাভিনের চার গোল, লিভারপুল-আর্সেনাল 'ক্লাসিক' ম্যাচ ড্র

এক সপ্তাহ যেতে না যেতেই আবার একটা 'ক্লাসিক' ম্যাচের সাক্ষী লিভারপুল। গত সপ্তাহে চেলসির সঙ্গে ৪-৪ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-আর্সেনাল ম্যাচের স্কোরলাইনও একই! ৮ গোলের যে থ্রিলারের সবচেয়ে বড় নায়ক আন্দ্রেই আরশাভিনের। হ্যাটট্রিকসহ আর্সেনালের চারটি গোলই করেছেন তিনি। লিভারপুলের পক্ষে দুটো গোল ফার্নান্দো তোরেসের, বাকি দুটোর গোলদাতা ইয়োসি বেনায়ুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 08:49 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

লন্ডন, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক সপ্তাহ যেতে না যেতেই আবার একটা 'ক্লাসিক' ম্যাচের সাক্ষী লিভারপুল। গত সপ্তাহে চেলসির সঙ্গে ৪-৪ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-আর্সেনাল ম্যাচের স্কোরলাইনও একই! ৮ গোলের যে থ্রিলারের সবচেয়ে বড় নায়ক আন্দ্রেই আরশাভিনের। হ্যাটট্রিকসহ আর্সেনালের চারটি গোলই করেছেন তিনি। লিভারপুলের পক্ষে দুটো গোল ফার্নান্দো তোরেসের, বাকি দুটোর গোলদাতা ইয়োসি বেনায়ুন। ১৯৯০ সালে সর্বশেষ ইংলিশ লিগের শিরোপা জেতা লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড চেলসির মতো এই ম্যাচেও খেলতে পারেননি। তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই আর্সেনালের ওপরে ঝাঁপিয়ে পড়েছে 'অলরেড'রা। কিন্তু তোরেস দুটো সুযোগ নষ্ট করার পর বেনায়ুনের প্রচেষ্টা আর্সেনাল গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ানস্কি বীরত্বের সঙ্গে ঠেকিয়ে দিলে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বরং ৩৬ মিনিটে সেটা পেয়ে গেছে 'গানার'রা। অধিনায়ক সেস্ক ফ্যাব্রেগাসের কাছ থেকে বল পেয়ে ম্যাচের বন্ধ্যাত্ব ঘুচিয়েছেন এ মৌসুমেই জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে আর্সেনালে যোগ দেয়া আরশাভিন। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি লিভারপুলকে। ৪৯ মিনিটে ডার্ক কিউয়েটের ক্রস থেকে তোরেসের জোরালো হেড সমতায় ফিরিয়েছে তাদের। এবং তার ৭ মিনিট পর কিউয়েটেরই চিপ থেকে বেনায়ুনের শট এগিয়েও দিয়েছে। কিন্তু ডিফেন্সের অমার্জনীয় ভুলে অগ্রগামিতা ধরে রাখতে পারেনি লিভারপুল। ৬৭ মিনিটে আলভেরো আরবেলোয়ার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে দারুণ এক শটে স্কোরলাইন ২-২ করেছেন আরশাভিন। তার তিন মিনিট পর ফ্যাবিও অরেলিও দলকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো আরশাভিনের পায়ের সামনে বল ফেলেছেন। সুযোগটা কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করতে ভুল হয়নি আর্সেনালের সবচেয়ে দামী ফুটবলারের। দুই মিনিট পর আবার গোল। তোরেসের দারুণ এক শট ফ্যাবিয়ানস্কিকে ফাঁকি দিয়ে আশ্রয় নিয়েছে আর্সেনালের জালে (৩-৩)। হ্যাটট্রিকের সুযোগও এসেছিল লিভারপুলের স্প্যানিশ স্ট্রাইকারের সামনে। কিন্তু তার হেড লাইন থেকে ফিরিয়ে দিয়েছেন 'গানার'দের তরুণ লেফট ব্যাক কিয়েরন গিবস। আবার ম্যাচে সমতা ফিরলেও লিভারপুল জয়ের আশা ছাড়েনি। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ওয়ালকটের পাস থেকে আরশাভিনের চতুর্থ গোল আবার পিছিয়ে দিয়েছে তাদের। তবে ম্যাচের নাটকীয়তা তখনো শেষ হয়নি। ইনজুরি সময়ে ইসরাইলি মিডফিল্ডার বেনায়ুন সবাইকে চমকে দিয়ে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন স্বাগতিকদের। ড্র করলেও গোল গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে লিভারপুলের উঠে গেছে লিগ-শীর্ষে। তবে সেটা আপাতত। ৩৩ ম্যাচ থেকে লিভাপুলের সংগ্রহ ৭১ পয়েন্ট। ম্যানইউ'রও পয়েন্টও তাই, তবে বর্তমান চ্যাম্পিয়নরা দুটো ম্যাচ কম খেলেছে। বুধবার পোর্টসমাউথের সঙ্গে ড্র করলেই আবার শীর্ষে চলে যাবে 'রেড ডেভিল'রা। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চেলসি আছে তৃতীয় স্থানে। অ্যানফিল্ডে দারুণ এক ম্যাচের জন্ম দিলেও লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের (৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট) শিরোপা-স্বপ্ন ধূসরই বলা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৪১ঘ.