ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- প্রকাশ্যে না হলেও ফুটবলের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর মন কষাকষি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার উৎস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তাই আবার ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গ টেনে আহাদ আলী সরকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ফুটবল থাকবে বলে নতুন করে ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদে বসে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, "বিশ্বকাপ ক্রিকেটের শুধু উদ্বোধনী অনুষ্ঠানই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কোনো ম্যাচ হবে না। তাছাড়া ম্যাচ আয়োজন করতে গেলে ১০ কোটি টাকা মূল্যের ট্র্যাক তুলে ফেলতে হবে, সেটা বিশাল ক্ষতি। এই স্টেডিয়াম ফুটবলেরই থাকবে।" তখন সঙ্গত কারণেই প্রশ্ন আসে উদ্বোধনী অনুষ্ঠান করতে গেলে অনেক সংস্কারের প্রয়োজন, তাতে ফুটবলকে দীর্ঘদিন নির্বাসিত হয়ে থাকতে হবে এই স্টেডিয়াম থেকে। জবাবে আহাদ আলী সরকার বলেছেন মাত্র এক মাস নির্বাসনের কথা, "সংস্কারের জন্য মাত্র এক মাস হলে হবে। তাছাড়া সংস্কার হলে প্রেসিডেন্ট বক্স, প্রেসবক্সসহ পুরো স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়ন হবে, তাতে লাভ হবে ফুটবলেরই। এ নিয়ে অনেকেই কাজী সালাউদ্দিনকে অন্যভাবে বুঝাচ্ছে, সেটা ঠিক নয়।" বঙ্গবন্ধুতে বিশ্বকাপ ক্রিকেট নিয়েই দু'পক্ষের মন কষাকষি। তবে সংস্কারকাল এক মাস হলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
মাঠ নিয়ে ফুটবলের দূরত্ব তৈরি হলেও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ফুটবলকেই এগিয়ে রাখছেন, "আমার চোখে ফুটবল এক নম্বর খেলা, এর জনপ্রিয়তার তুলনা নেই। ক্রিকেট অনেক পরে। এতে ক্রিকেটের লোকজন মনে খারাপ করতে পারে, কিছু করার নেই। এদেশে ছোটবেলা থেকে মানুষ ফুটবল খেলেই বড় হয়। ফুটবলই পারে যুব সমাজকে উজ্জিবীত করতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.
bdnews24