ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সাইডবেঞ্চ থেকে হঠাৎ মাঠে নামার সুযোগ পেয়ে দারুন খেললেন আহাদ আলী সরকার ! সেনাপ্রধান পদত্যাগী হওয়ায় মঙ্গলবার ক্রীড়া প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদে। এবং প্রথম দিনেই তিনি নিজেকে নির্লোভ দাবি করে কঠিন এক অঙ্গীকার করেছেন, "আগামী পাঁচ বছরে ক্রীড়ার কোনো অর্থ লোপাট হবে না।"
বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েও তিনি এতদিন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হতে পারেননি। এই পদে আসীন ছিলেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তাই মন্ত্রীকে অনেকটা সাইডবেঞ্চে বসেই কাটাতে হয়েছে তিনটি মাস। স্বাভাবিকভাবে খানিকটা হতাশও ছিলেন, বিভিন্ন সময় তা প্রকাশও করেছেন। হঠাৎ হতাশা কেটে গেল গত সোমবার জেনারেল মইনের পদত্যাগে। তারপর খেলোয়াড়রা যেমন সবসময় নিজেদের যোগ্য মনে করে দলে তেমনি ক্রীড়া প্রতিমন্ত্রীও পরিষদের চেয়ারম্যান পদে নিজের নিয়োগের যথার্থতা তুলে ধরেছেন, "এই পদ আমার প্রাপ্য। আমার জায়গায় আমি ফিরেছি। সেনাপ্রধান একটি প্রক্রিয়ায় এখানে এসেছিলেন।" নিজের জায়গা মানে জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার বিকেলে তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছেন কর্মচারীরা। কুশল বিনিময়ের পর মন্ত্রী চারটি ফাইলেও স্বাক্ষর করেছেন পরিষদের চেয়ারম্যান হিসেবে।
জাতীয় দল যেমন খেলোয়াড়দের অভীষ্ট লক্ষ্য সেরকম সব ক্রীড়া প্রতিমন্ত্রীর চোখও থাকে ক্রীড়া পরিষদের দিকে। কী যেন এক মোহ আছে সেখানে! অতীত বলে সেখানে বিশাল অর্থের হাতছানি আছে। অর্থ থাকলে অনর্থ তো হবেই। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ক্রীড়া পরিষদে ৮০ কোটি টাকারও বেশি অনিয়ম ও দুর্নীতি পেয়েছে তদন্ত কমিটি। সেরকম আশংকার প্রশ্ন তুলতেই আহাদ আলী সরকার একরকম ঘোষণা দিয়ে বলেছেন, "আগামী ৫ বছরে ক্রীড়ার কোনো অর্থ লোপাট হবে না।" সম্পূরক তথ্য হিসেবে ৫৬ বয়সী মন্ত্রী নিজের অবস্থানের কথাও ব্যাখ্যা করেছেন, "আমার লোভ নেই। আমি জানি, এখানে কোটি কোটি টাকার কারবার হয়। কিন্তু অর্থ লোপাটের কারণে আমি জেলে যেতে রাজি নই। কারণ নিজের ভাগ্য ফেরাতে আমি এখানে আসিনি।" এই বক্তব্যকে আরো বিশ্বাসযোগ্য করার তাগিদ অনুভব করলেন প্রতিমন্ত্রী; চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ছেঁড়া পাঞ্জাবি দেখিয়ে বলতে শুরু করেন, "ছেঁড়া পাঞ্জাবি সেলাই করে পড়ছি। এটা গায়ে দিয়ে নির্বাচন করেছি, এখনো পড়ছি।"
ক্রীড়ান্নোয়নকেই মূল লক্ষ্য বানাতে চান আহাদ আলী সরকার। তবে স্টেডিয়াম কিংবা ইমারত বানানোর দিকে ঝোঁক থাকবে না এমন অঙ্গীকারও কিন্তু করেননি, "অবকাঠামো উন্নয়ন করা হবে না সেটা বলি কী করে! যেমন খুলনায় গিয়ে স্টেডিয়ামের খারাপ অবস্থা দেখে এলাম, সেটার তো সংস্কার করতে হবে।" অথচ অবকাঠামো উন্নয়নের নামে অতীতে ক্রীড়াঙ্গনে যতো দুর্নীতি হয়েছে, কখনো সংস্কার কাজ করে কখনো নতুন স্টেডিয়াম, জিমনেসিয়াম বানিয়ে। এই রোগের ব্যাপক প্রার্দুভাব না হলেই হয়।
ইতিমধ্যে অবশ্য কিছু সংস্কার কাজ শুরু হয়ে গেছে আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় এসএ গেমস উপলক্ষে। দায়িত্ব পাওয়া নতুন পরিষদ চেয়ারম্যানও ঘোষণা করেছেন, "এখন আমার কাছে প্রাধান্য পাচ্ছে এসএ গেমস। ভাল আয়োজনের পাশাপাশি মাঠে ভাল খেলে আমাদের যোগ্যতা প্রমাণ করতে হবে।"
তার আগেই কিন্তু ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের একদফা যোগ্যতা মাপা হয়ে যাবে। ইতিমধ্যেই যে এসএ গেমস উপলক্ষে সংস্কার কাজ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.
bdnews24