২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা ফুটবলকে চাঙ্গা করতে ভিশন এশিয়া প্রোগ্রাম

আবার সচল হচ্ছে এএফসির 'ভিশন বাংলাদেশ' প্রোগ্রাম। তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জেলা পর্যায়ের ফুটবল। জেলার ফুটবলকে চাঙ্গা করার নির্দেশনা দিতেই বাংলাদেশে এসেছেন দুই এএফসি কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আবার সচল হচ্ছে এএফসির 'ভিশন বাংলাদেশ' প্রোগ্রাম। তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জেলা পর্যায়ের ফুটবল। জেলার ফুটবলকে চাঙ্গা করার নির্দেশনা দিতেই বাংলাদেশে এসেছেন দুই এএফসি কর্মকর্তা। সোমবার তাদের সঙ্গে ফেডারেশন কর্তাদের বৈঠকের পর বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী জানিয়েছেন, "আবার ভিশন এশিয়ার কাজ শুরু হয়েছে বাংলাদেশে। এএফসি বেশি গুরুত্ব দিচ্ছে জেলা ফুটবলের ওপর। তারা চাইছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে সচল করে স্থানীয় ফুটবলের উন্ন্য়ন করতে। কারণ সার্বিক উন্নয়নের জন্য আগে ভাল মানের ফুটবলারের সংখ্যা বাড়ানো জরুরি।" এ নিয়ে প্রেসক্রিপশন দিতেই ঢাকা এসেছেন ভিশন এশিয়ার প্রশাসক যোগেশ দেশাই ও এএফসি ডেভলপমেন্ট অফিসার ইমতিয়াজ রেহমান। তাদের প্রায় দুই ঘন্টার আলোচনা হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাদের। বাফুফের বিগত কমিটির আমলে এএফসি বাংলাদেশের ফুটবল উন্নয়নের চেষ্টা করেছিল 'ভিশন বাংলাদেশ' প্রোগ্রাম দিয়ে। উন্নয়নের জন্য জেলা ও শহরে কীভাবে কাজ করতে হবে এবং কর্মকর্তা ও ক্লাবগুলোর ভূমিকা কী হবে তা স্পষ্ট করে বলা ছিল প্রোগ্রামে। কিন্তু সেই অনুযায়ী কোনো কাজ হয়নি তখন। কাজ হয়নি চাঁদপুর ও নারায়ণগঞ্জ জেলায় পাইলট প্রজেক্টের। নতুন কমিটির আমলে এএফসি নতুন করে উদ্যোগ নিচ্ছে। এজন্য ওই দুই জেলার প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার বসবেন এএফসি কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.