ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এবার সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা দাবি করেছে, বাফুফের অনুরোধ রাখতেই জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মইন উ আহমেদ বসুন্ধরার সঙ্গে বাফুফের চুক্তির ঘোষণা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। যে কারণে তার বিরুদ্ধে অভিযোগ তোলার সুযোগ পেয়েছে কয়েকটি পত্রিকা। তাই সমব্যথী হয়ে বাফুফে রোববার একটি প্রেসবজ্ঞপ্তি দিয়ে ফুটবলে সেনাপ্রধানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছে।
সেখানে বলা হয়েছে, গত ৭/৮ বছর যেখানে নিয়মিত ফুটবল খেলা হয়নি সেখানে জেনারেল মইন-এর এক নির্দেশেই উপজেলা পর্যায়ে মাঠে গড়ায় ফুটবল। কুর্মিটোলা গলফ ক্লাবের চুক্তি ঘোষণা অনুষ্ঠানে সেনা প্রধানকে হাজির করার পেছনে বড় একটা কারণ হচ্ছে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যন। এ ব্যাপারে বাফুফে বলছে, "জেলা পর্যায়ে ফুটবল শুরু করতে হলে জেলার সকল স্টেডিয়াম ব্যবহারের প্রয়োজন, যার নিয়ন্ত্রণ জাতীয় ক্রীড়া পরিষদের হাতে। যেহেতু জেলা পর্যায়ের খেলা বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে তাই মাঠ ব্যবহারের অনুমতির পাওয়ার কাজটা সহজ করতেই ক্রীড়া পরিষদের চেয়ারম্যানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।" তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাঠ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য অফিস বরাদ্দেরও ঘোষণা দিয়েছেন।
সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাফুফে উল্লেখ করেছে জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব নেওয়ার পর তিনি ক্রীড়া ফেডারেশনগুলোকে বিভিন্ন ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে ঠিক করে দিয়েছেন। তারা মনে করে, ফুটবলসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে স্পন্সরের অন্য কোনো বিকল্প নেই। তাই বাফুফের বিনীত আবেদন, "আমরা সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করি। ফুটবল উন্নয়ন ও প্রসারের উদ্যোগকে যদি কেউ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে তাহলে নতুন কেউ উদ্যোগ গ্রহণে এগিয়ে আসবে না। তাই পৃষ্ঠপোষকতা করার কারণে কেউ যেন হেয় না হয়, খেলাধুলার স্বার্থে এটা আমাদের বিনীত অবেদন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.
bdnews24