২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা-রিয়াল দুদলেরই কষ্টার্জিত জয়

গেটাফের কলোসিয়াম স্টেডিয়ামে খেলা এর আগের দুটি ম্যাচে হেরে গিয়েছিল বার্সেলোনা। শনিবারও আরেকটু হলেই ফিরে আসতে বসেছিল সেই দুঃস্বপ্ন। আসেনি লিওনেল মেসির কল্যাণে। এ মৌসুমে স্প্যানিশ প্রিমেরা লিগায় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের ২০তম গোল লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকা ক্যাটালানদের এনে দিয়েছে ১-০ গোলের জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

মাদ্রিদ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গেটাফের কলোসিয়াম স্টেডিয়ামে খেলা এর আগের দুটি ম্যাচে হেরে গিয়েছিল বার্সেলোনা। শনিবারও আরেকটু হলেই ফিরে আসতে বসেছিল সেই দুঃস্বপ্ন। আসেনি লিওনেল মেসির কল্যাণে। এ মৌসুমে স্প্যানিশ প্রিমেরা লিগায় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের ২০তম গোল লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকা ক্যাটালানদের এনে দিয়েছে ১-০ গোলের জয়। এদিনের অন্য একটি ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও জিতেছে একই ব্যবধানে। ডিফেন্ডার মার্সেলোর দেওয়া একমাত্র গোলে তারা হারিয়েছে রিক্রিয়েটিভো হেলভাকে। কলোসিয়ামে বার্সেলোনারই প্রাধান্য ছিল পুরো ম্যাচে। কিন্তু ১৯ মিনিটে মেসির করা ওই গোলের পর আর কোনো গোল পায়নি তারা। গেটাফের রক্ষণসীমানায় এক দঙ্গল ডিফেন্ডারের মাঝে থেকে জাভির বাড়ানো পাসে পা ছুঁইয়ে করা ওই গোলটাই তাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। রিক্রিয়েটিভোর মাঠে রিয়ালের জয়সূচক গোলটা এসেছে বিরতির ঠিক পরে। ফার্নান্দো গ্যাগোর পাস ধরে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো নিখুঁত শটে বোকা বানিয়েছেন হেলভা গোলরক্ষক অ্যাসিয়ের রিয়েসগোকে। টানা সপ্তম জয়ের পর সাত ম্যাচ বাকি থাকতে ৭৮ পয়েন্ট নিয়ে আগের মতোই প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। আর গত ১৬ ম্যাচে ১৫তম জয় পাওয়া রিয়াল আছে তাদের চেয়ে ৬ পয়েন্ট পেছনে। দিনের অন্য ম্যাচে নুমান্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৫২ ঘ.