লন্ডন, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাস হিডিঙ্ক বলে দিয়েছেন, কেবল এই মৌসুমটাই চালিয়ে নেবেন তিনি। কিন্তু তার জাদুর ছোঁয়ায় যেভাবে বদলে যাচ্ছে চেলসি, তাতে রোমান আব্রামোভিচ হয়তো তাকে ছাড়তেই চাইবেন না। শনিবার আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ব্লুজরা, সেই সঙ্গে ধরে রেখেছে একই মৌসুমে তিনটি শিরোপা জয়ের সম্ভাবনা।
শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামের ম্যাচে ১৮ মিনিটে ইংল্যান্ড স্ট্রাইকার থিও ওয়ালকটের গোলে এগিয়ে গিয়েছিল গানাররাই। ৩২ মিনিটে ফ্লোরেন্ত ম্যালুদা সমতায় ফিরিয়েছেন চেলসিকে, আর ম্যাচ শেষে ৬ মিনিট বাকি থাকতে আইভরিকোস্টের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার গোল ১৯৪৭ সালের পর এফএ কাপে আর্সেনালের বিপক্ষে প্রথম জয় এনে দিয়েছে ব্লুজদের।
তিন বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠলো চেলসি। ফাইনালে তাদের দেখা হবে রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীদের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৫২ ঘ.
bdnews24