ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরমান আজিজের এক গোলে ডিডোর বাংলাদেশের শুভ সূচনা হয়েছে নেপালে। নেপাল পুলিশ দলের বিপক্ষে ১-০ গোলে জয়ের সুবাদে আত্মবিশ্বাস নিয়েই তারা দেশে ফিরছে এএফসি চ্যালেঞ্জ কাপে লড়াইয়ের জন্য।
এএফসি চ্যালেঞ্জ কাপের আগে এটি একমাত্র প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশের। শনিবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে আরমান আজিজ দুর্দান্ত এক গোল করেছেন ফ্রি-কিকে। তবে বাংলাদেশ দলের মাঠের পারফরম্যান্স তেমন ভাল ছিল না। এজন্য মাঠের ছোট আয়তন এবং অসমান অবস্থাকে দায়ী করেছেন কোচ শফিকুল ইসলাম মানিক।
তারপরও নেপালের মাটিতে এই জয়ের মাহাত্ম্য অনেক। প্রথমত হঠাৎ গিয়ে সমুদ্রপৃষ্ঠের সাড়ে চার হাজার ফুট ওপরে ম্যাচ খেলা। দ্বিতীয়ত মাত্র এক বছর আগে বি. লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে যারা ৪-০ গোলে জিতেছিল তাদের হারানো। তার চেয়েও বড় কথা নতুন ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোর বাংলাদেশ অধ্যায় শুরু হয়েছে জয় দিয়ে। দলকে তৈরি করার জন ডিডো সময় পেয়েছেন মাত্র ১৭/১৮ দিন, তার ওপর ইনজুরির কারণে নেপাল নিয়ে যেতে পারেননি দলের নির্ভরযোগ্য তিন খেলোয়াড় এমিলি, রবিন ও জাহিদ হোসেনকে।
তাই খন্ডিত শক্তির দল নিয়েও নেপাল পুলিশ দলের বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য হতে পারে এএফসি চ্যালেঞ্জ কাপের অনুপ্রেরণা।
বাংলাদেশ : আমিনুল, নাসির, সুজন, সৈকত, ওয়ালী ফয়সাল, মানিক, আরমান আজিজ, ইমন বাবু, মামুন, জাহিদ পারভেজ ও এনামুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১১১ ঘ.
bdnews24