২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানইউ-আর্সেনাল

এবারের চ্যাম্পিয়ন্স লিগেও ইংলিশ ক্লাবগুলোর আধিপত্য অব্যাহত। বুধবার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পোর্তোকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে (অ্যাগ্রিগেট ৩-২) সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ চারে ম্যানইউ'র প্রতিপক্ষ আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

লন্ডন/পোর্তো, ১৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের চ্যাম্পিয়ন্স লিগেও ইংলিশ ক্লাবগুলোর আধিপত্য অব্যাহত। বুধবার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পোর্তোকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে (অ্যাগ্রিগেট ৩-২) সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ চারে ম্যানইউ'র প্রতিপক্ষ আর্সেনাল। অন্য ম্যাচে 'গানার'রা ঘরের মাঠে ভিলারিয়ালকে ৩-০ গোলে (অ্যাগ্রিগেট ৪-১) উড়িয়ে দিয়ে পৌঁছে গেছে সেমিফাইনালে। অর্থাৎ ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে গতবারের মতো এবারো চার সেমিফাইনালিস্টের তিনটিই ইংল্যান্ডের প্রতিনিধি। আগের দিন শেষ চার নিশ্চিত করেছে বার্সেলোনা ও চেলসি। ওল্ড ট্র্যাফোর্ডে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগ ২-২ গোলে ড্র করায় এই ম্যাচে ম্যানইউকে জিততেই হতো। কিংবা দুই গোলের বেশি করে ড্র করতে হতো। পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে এমন কঠিন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে গোলের জন্য ৬ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। সে সময় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রায় ৪০ মিটার দূর থেকে নেয়া বুলেট গতির শট এগিয়ে দিয়েছে 'রেড ডেভিল'দের। যে গোলের প্রশংসায় স্বয়ং ম্যানইউ ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনও পঞ্চমুখ, "এটা ছিল অবিশ্বাস্য, দুর্দান্ত, অসাধারণ এক শট।" শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও পিছিয়ে পড়ার পর খেলার গতি বাড়িয়েছে পোর্তো। তবে বেশ কয়েকটা সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের ২০০৪ সালের শিরোপাজয়ীরা। ২০ মিনিটে ব্র"নো অ্যালভেসের ফ্রিকিক ম্যানইউ'র পোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে যাওয়ার মাধ্যমে স্বাগতিকদের হতাশার সূচনা। ১১ মিনিট পর সেই হতাশা আরো বাড়িয়েছেন অধিনায়ক লুচো গনজালেজ, হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়ে। বিরতির মিনিট পাঁচেক আগে আবারো ইংলিশ চ্যাম্পিয়নদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন অ্যালভেস। কিন্তু রাউল মেইরেলেসের দুর্দান্ত ফ্রিকিক থেকে তার হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তারপরও পোর্তোর আক্রমণের ঢেউ থেমে থাকেনি। কিন্তু কর্নার থেকে স্ট্রাইকার লিসান্দ্রো লোপেজের হেড এবং বদলি এরনেস্তো ফারিয়াসের বাইসাইকেল কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়ায় পরাজয় মেনে নিতে হয়েছে তাদের। সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ম্যানইউ'র জন্য আরেকটা সুখকর তথ্য, পোর্তোর মাঠে জয় পাওয়া প্রথম ইংলিশ ক্লাব তারাই। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রথম গোলের জন্য আর্সেনালকেও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। দশম মিনিটেই সেস্ক ফ্যাব্রেগাসের দারুণ এক ফ্লিক ধরে দুর্দান্ত চিপে ভিলারিয়াল গোলকিপার ডিয়েগো লোপেজকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দিয়েছেন থিও ওয়ালকট। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি 'গানার'রা। তবে ২৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিতে পারতো তারা। সে সময় রবিন ফন পার্সির ফ্রিকিক লোপেজ ঠেকিয়ে দেয়ার পর হেড করেছিলেন ইমানুয়েল আদেবায়োর। কিন্তু গঞ্জালো রড্রিগেজ গোললাইন থেকে সেটা ফিরিয়ে দিয়ে সে যাত্রা রক্ষা করেন ভিলারিয়ালকে। আদেবায়োরের নিশ্চিত গোল না পাওয়ার হতাশা কেটেছে বিরতির পর। ৬০ মিনিটে ফন পার্সির ডিফেন্স চেরা পাস ধরে তিনি আর্সেনালকে এগিয়ে দিয়েছেন ২-০ গোলে। তার ৯ মিনিট পর পেনাল্টি থেকে ম্যাচের তৃতীয় ও শেষ গোলটা করেছেন ফন পার্সি। বক্সের মধ্যে সেবাস্টিয়ান এগুরেন ওয়ালকটকে ফাউল করায় আর্সেনাল পেনাল্টি তো পেয়েছেই, সেই সঙ্গে এগুরেনকে লালকার্ডও দেখিয়েছেন রেফারি। ২০০৬ সালে 'গানার'দের কাছেই সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়া ভিলারিয়ালকে বাকি সময়টা তাই দশ জন নিয়ে খেলতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২৪১ঘ.