লন্ডন, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত দুবারই পুরস্কারটা জিতেছেন তিনি। সতীর্থ খেলোয়াড়দের ভোটে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে এবারো আছেন গত বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ-র দেওয়া এই পুরস্কারের জন্য মঙ্গলবার ছয়জনের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এই পর্তুগিজ উইঙ্গারসহ পাঁচজনই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। বাকি চারজন হলেন ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড ও নেমানিয়া ভাইদিচ, মিডফিল্ডার রায়ান গিগস আর গোলরক্ষক এডউইন ফনডার সার। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে রেড ডেভিলদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকা লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড হলেন ম্যান ইউ'র বাইরে থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া একমাত্র খেলোয়াড়।
বছরের সেরা তরুণ খেলোয়াড় হিসেবেও প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চলতি বছর পাঁচটি শিরোপা জয়ের স্বপ্নে বিভোর স্যার অ্যালেক্স ফার্গুসনের দল থেকে। এরা হলেন জনি ইভান্স আর রাফায়েল। এই তালিকায় আছেন ইংল্যান্ড দলে সুযোগ পাওয়া তিন তরুণ- অ্যাস্টন ভিলার গ্যাব্রিয়েল অ্যাগবনল্যাহোর ও অ্যাশলি ইয়াং আর টটেনহ্যাম হটস্পারসের অ্যারন লেনন। তালিকার সর্বশেষ নামটা ম্যানচেস্টার সিটির স্টিফেন আয়ারল্যান্ডের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪২৫ ঘ.
bdnews24