২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়ে গেছে জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের তোড়জোড়

জাতীয় ফুটবল লিগ বিলুপ্ত হয়ে আসছে নতুন টুর্নামেন্ট --- জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ। আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে এই টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- জাতীয় ফুটবল লিগ বিলুপ্ত হয়ে আসছে নতুন টুর্নামেন্ট --- জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ। আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে এই টুর্নামেন্ট। অনেক আলোচিত এবং চমক জাগানো সুপার কাপ শেষ হয়েছে। বাফুফের বর্ষপঞ্জি অনুযায়ী পরের টুর্নামেন্ট হচ্ছে জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যে এ নিয়ে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু চূড়ান্ত করতে রোববার সভায় বসছে ক্লাব কাপ কমিটি। তার আগেই কমিটির চেয়ারম্যান শওকত আলী খান জাহাঙ্গীর বলেছেন, "সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি চাইছেন এটা তাড়াতাড়ি শুরু করতে। এ মাসে না পারলেও আগামী মাসের প্রথম দিকে শুরু করে দেবো ক্লাব কাপ টুর্নামেন্ট।" ঢাকার বাইরে থেকে ৫৩টি জেলা দল ইতিমধ্যে নিজেদের অংশগ্রহনের বিষয়টি চূড়ান্ত করেছে। বিভিন্ন জেলা লিগের সর্বশেষ চ্যাম্পিয়ন দল তাতে খেলার সুযোগ পাচ্ছে। টুর্নামেন্টটি আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে, ঢাকার বাইরের দলগুলো যেন বড় আসরে খেলার সুযোগ পায়। এবং তারা নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসতে পারে। আগে জাতীয় ফুটবল লিগে খেললেও ঢাকার বাইরের দলগুলোর সামনে ঔজ্জ্বল্য ছড়ানোর সুযোগ ছিল না, তারা হারিয়ে যেতো ঢাকার বড় ক্লাবগুলোর ভিড়ে। এবার তাদের সামনে নিজেদের আলাদা করে চেনানোর সুযোগ। তাই বাফুফে সহ-সভাপতি শওকত আল খান জাহাঙ্গীর এটাকে ভারসাম্যপূর্ণ টুর্নামেন্ট মনে করছেন, "আগে ঢাকার দলগুলোর জন্য জেলা দলগুলোর পারফরম্যান্স চোখে পড়তো না। এখন আর সেটা হবে না। এই টুর্নামেন্ট ঠিকমতো হলে জেলার উঠতি ফুটবল প্রতিভাগুলো চোখের সামনে চলে আসবে। তাদের অনুপ্রাণিত করতে এই টুর্নামেন্টটাও জাঁকজমকভাবে করার পরিকল্পনা আছে আমাদের।" জেলা দলগুলোর সঙ্গে ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগের একটি দল খেলার সুযোগ পাবে। সব দলকে আটটি অঞ্চলে ভাগ করে প্রাথমিক পর্ব আয়োজন করা হবে। তারপর আট গ্র"প চ্যাম্পিয়নকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্তপর্ব। এজন্য বাফুফে আলাদা একটা স্পন্সরও খুঁজছে। তবে টুর্নামেন্টের প্রাইজমানি এবং অন্যান্য বিষয় রোববার চূড়ান্ত হবে টুর্নামেন্ট কমিটির সভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৮৫৭ঘ.