ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বিপ্লবের অসাধারণ নৈপুণ্যে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেছে ঢাকা আবাহনী। আক্ষরিক অর্থে আবাহনীর এই গোলরক্ষকের সঙ্গে পেরে উঠেনি ব্রাদার্স ইউনিয়ন, গোলশূন্য ড্র করে সোমবার তারা কোটি টাকার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
প্রথম লেগের সেমিফাইনালে ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়ে আবাহনী ফাইনালের রাস্তাটা পরিস্কার করে রেখেছিল। তাই ফিরতি সেমিফাইনালে ড্র-ই ছিল তাদের প্রার্থিত ফল। আর ব্রাদার্সের সামনে জয়ের কঠিন শর্ত। এই শর্ত পূরণের কাছাকাছি এসেও জাহিদ হোসেনের পেনাল্টি মিসে ব্রাদার্স ইউনিয়নের সব শেষ হয়ে গেছে।
পেনাল্টি মিস বললে অবশ্য ভুল বলা হয়। বিপ্লব ভট্টাচার্য্যরে নৈপুণ্যকে খাটো করা হয়। আগের ম্যাচের নড়বড়ে গোলরক্ষক ফিরতি সেমিফাইনালে বিশ্বস্ততার প্রতীক। প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রাণতোষ ব্রাদার্সের তপুকে ফাউল করলে কাতারের রেফারি আব্দুর রহমান পেনাল্টির বাঁশি বাজান। দেশী রেফারি বলে প্রতিবাদের নাটকও হয়নি, সিদ্ধান্ত মেনে নিয়ে আবাহনী হয়তো গোল হজমের মানসিক প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বিপ্লবের মনে ছিল অন্যকিছু ! জাহিদ হোসেনের নেওয়া ওই পেনাল্টি শট বাঁদিকে ঝাঁপিয়ে অসাধারণ এক সেভ করে আবাহনীর ফাইনালের রাস্তা খোলা রাখেন এই গোলরক্ষক। তারপর আরো নানা কীর্তিতে তিনিই আবাহনীর ফিরতি সেমিফাইনালের নায়ক। ম্যাচ শেষে যাকে তুমুল করতালি দিয়ে অভিনন্দিত করেছে আবাহনী গ্যালারির দর্শকরা। তখন নিজেও হয়তো বুঝে গেছেন এই ম্যাচ তাকে তুলে দিয়েছে সেরা গোলরক্ষকের তালিকার শীর্ষে। যদিও পুরস্কারের কথা এড়িয়ে গিয়ে দলের স্বার্থটাকে মুখ্য করে দেখছেন, "সেরা গোলরক্ষক হলাম কিনা এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আমার। দল চ্যাম্পিয়ন হলেই আমি খুশি। ফাইনাল ম্যাচে আশা করি আমাদের পারফরম্যান্সের উন্নিতি হবে।"
বিপ্লব নায়ক হলে অবশ্যই খলনায়ক জাহিদ হোসেন। নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিভাধর মিডফিল্ডারটিও পেনাল্টিতে ব্যর্থ হয়ে হতবিহ্বল হয়ে গেছেন। নিজের মনেও তার অপরাধবোধ আছে, "লিগে আমি দুটো পেনাল্টি শট থেকে গোল করেছি। এটাও আমি ভাল মেরেছিলাম কিন্তু.....।" কোনো ব্যাখ্যা নেই, মাঝে মাঝে গোলরক্ষক ওরকম প্রাচীর হয়ে যান আর তাতে ধাক্কা খেয়ে বড় স্ট্রাইকারদেরও বোকা বনার নজির আছে বিশ্ব ফুটবলে। মানতে হবে দিনটি বিপ্লবেরই। কখনো হেড করে বল বাইরে ফেলছেন, কখনো-বা দুর্দান্ত শট অনায়াসে গ্রিপে নিচ্ছেন। যেমন ৭৮ মিনিটে মতিউর মুন্নার বিদ্যুৎ গতির শটটি ফিস্ট করে তিনি আরেক দফা বাঁচিয়েছেন দলকে।
অবশ্য ব্রাদার্সের নিজেদের দায়ও কম নয়। ১২ মিনিটে প্রথম আক্রমণেই যে হা হয়েছিল আবাহনীর গোলমুখ। অফসাইডের ফাঁদ টপকে শাকিল নিজেকে আবিস্কার করেন আনমাকর্ড অবস্থায়। গোল নিশ্চিত করতেই তিনি বল ঠেলেন কোনাকুনি, যদিও তপু অবিশ্বাস্যভাবে পা লাগাতে পারেননি। তপুর বদলি হয়ে মাঠে নামা আব্দুল্লাহ পারভেজের ৮৬ মিনিটে পাঠানো ক্রসে হেনরি পোস্টেই রাখতে পারেননি হেডটি। ৪৩ মিনিটে অবশ্য জাহিদের ফ্রি-কিকে মিশুর হেড গিয়ে লাগে গোলপোস্টে।
ভাগ্যও যেন তাদের পক্ষে ছিল না। নইলে মাঠে এভাবে আধিপত্য করে বিদায় নিতে হবে কেন! আবাহনী যা একটু খেলেছে প্রথমার্ধে। ৩৪ মিনিটে রাইট ব্যাক সিরাজী বাঁদিক দিয়ে আক্রমণে উঠে দারুন এক শট নিলেও ব্রাদার্স গোলরক্ষক শাকিল ঠেকিয়ে দেন। দ্বিতীয়ার্ধে একাবার মামুনের নিরীহ হেডে সম্ভাবনার অপমৃত্যু হয়। আরেকবার খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে কাউন্টার অ্যাটাকে ওয়ালী ফয়সাল ভয়ংকর হয়ে উঠে এক ডিফেন্ডারের কাছে পরাস্ত হয়েছেন। আসলে ড্র-এর মানসিকতাই কাল হয়েছে আবাহনীর। দ্বিতীয়ার্ধে নিজেদের স্বাভাবিক খেলা ভুলে গিয়ে ডিফেন্সে নেমে এসে ব্রাদার্সকে বারবার স্বাগত জানিয়েছে আক্রমণে। শেষপর্যন্ত তারা ড্র ধরে রাখতে পারলেও হারিয়েছে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রাণতোষ ও জয়কে। ইনজুরি টাইমে প্রাণতোষকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। আর জয় তিন ম্যাচে হলুদ কার্ড পেয়ে মিস করবেন সুপার ফাইনাল।
বাজে পারফরম্যান্স এবং দু'জনকে হারানোর শোক ভুলেও ফাইনালে ওঠার স্বস্তিটাই অবশ্য বড় ঢাকা আবাহনীর কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.
bdnews24