ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বড় দুঃসময়ে ঢাকা মোহামেডানের সঙ্গী হয়েছে সিটিসেল সুপার কাপ এবং এক কোটি টাকা। যা ক্লাবের জন্য বড় সহায় হওয়ার পাশাপাশি খেলোয়াড়দের মুখের হাসিটাও অটুট রেখেছে।
ক্রীড়াঙ্গনজুড়ে এখন কোটি টাকার গল্প। এই টাকা দিয়ে মোহামেডান কী করবে, আগামী মৌসুমে দলটার আরো উন্নতি হবে কিনা, ইত্যাদি নানা প্রশ্ন উঁকি-ঝুঁকি মারছে সাধারণ্যে। কারণ তারা জানে খেলোয়াড়দের আশীর্বাদধন্য হয়ে যে কোটি টাকার শুভাগমন সেই খেলোয়াড়রাই ঠিকমতো বেতন না পেয়ে বিদ্রোহ করেছিল। এমনকি প্র্যাকটিস বর্জনের মতো ঘটনাও ঘটেছিল।
কোটি টাকার হাওয়ায় সেসব এখন অতীত। মোহামেডান ইতিমধ্যেই ২৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে খেলোয়াড়দের। নিশ্চিতভাবেই এটা আনন্দের খবর। প্রকারান্তরে ন্যায্য পাওনার নিশ্চয়তাও পেয়েছেন তারা। এক সিনিয়র খেলোয়াড় খুব আশ্বস্ত হয়ে বলেছেন, "সুপার কাপ আমাদের ভাগ্যটা পাল্টে দিয়েছে। চুক্তির পাওনা টাকাগুলি অন্তত পাওয়া যাবে এবার।"
ওই প্রাপ্য অর্থের একটা করে অংশ গুডউইনের অ্যাকাউন্টে জমা করে দিতেও হয়তো কার্পণ্য করবেন না মোহামেডানের খেলোয়াড়রা। এই নাইজেরিয়ানের এক মহামূল্য গোলেই অর্থযোগ নিশ্চিত হয়েছে সবার। যে গোলে এক ধরণের চাপমুক্তি ঘটেছে মারুফুল হকেরও। সুপার কাপ চলাকালীন মোহামেডানের কোচকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্লাবের কয়েকজন সাবেক খেলোয়াড়। তারা জবাবও পেয়ে গেছেন সুপার কাপের ফাইনালে।
কিন্তু এই তিক্ত অভিজ্ঞতার পর সাদাকালো শিবিরে নিজের ভবিষ্যৎ নিয়ে মারুফ খানিকটা দ্বিধায় ভুগছেন। আগামী মৌসুম নিয়ে এই তাত্ত্বিক কোচের পরিকল্পনা হচ্ছে, "আমি এখনো কিছু ঠিক করিনি। মোহামেডানের অফার পেলেও কঠিন কিছু শর্ত দেবো আমি। তাতে রাজি হলেই যাবো।" আগে তিনি বড় দলের সঙ্গে কাজ করেননি। প্রথমবারের মতো মোহামেডানে বড় দলে একটা মৌসুম পার করার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, "নিজের সাধ্যমতো চেষ্টা করেছি আমি। বি. লিগ না পেলেও মৌসুমের শুরুতে ফেডারেশন কাপ এবং শেষে সুপার কাপের মতো বিশাল টুর্নামেন্টের শিরোপা মোহামেডানকে উপহার দিতে পেরে আমি খুশি। কিন্ত এই দল নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি।" নতুন করে চুক্তি করতে গেলে যে এই সমস্যাগুলিকে সামনে নিয়ে আসবেন কোচ মারুফ।
কোটি টাকার হাওয়ায় মোহামেডানের সব সমস্যার সমাধান হয়ে গেলেও আবাহনী ব্যর্থতার যন্ত্রণায় কাতর। পাঁচ ডিফেন্ডার খেলানোটা ভুল ছিল নাকি নেহাত ভাগ্যের রসিকতা, এ নিয়ে তর্ক-বিতর্ক লেগেই আছে ক্লাবে। আকাশী-হলুদের কোচ অমলেশ সেনও খুঁজে পাচ্ছেন না গলদের জায়গা, "জয় ও প্রাণতোষ না থাকায় আমরা ৫ ডিফেন্ডার খেলিয়েছি। কিন্তু আমরা তো পুরো ম্যাচে আধিপত্য করেছি, অনেক সুযোগ তৈরি করেছি। এত ভাল খেলে হেরে গেলাম !" সত্যি তারা সবই করেছে শুধু গোলটা করতে পারেনি। মোহামেডান সেরকম কিছু না খেলেও পেয়েছে মহামূল্যবান এক গোল। গুডউইনের সেই গোল যেমন মোহামেডান শিবিরে কোটি টাকা এনে দিয়েছে তেমনি অঝোরে কাঁদিয়েছে আবাহনীকে। সঙ্গে তাদের শত-সহস্র সমর্থককেও!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২০৪ঘ.
bdnews24