মাদ্রিদ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা ২২ ম্যাচ জিতে স্প্যানিশ প্রিমেরা লিগায় নিজেদের প্রায় ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু সেই বার্সেলোনা হঠাৎ করেই যাচ্ছে দু:সময়ের মধ্য দিয়ে। রোববার রাতে ক্যাটালানদের দু:সময়কে আরো দীর্ঘায়িত করেছেন সার্জিও আগুয়েরো। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের লক্ষ্যভেদে অ্যাটলেটিকো মাদ্রিদ ৭ গোলের এক থ্রিলারে বার্সাকে হারিয়েছে ৪-৩ গোলে। স্প্যানিশ লিগে টানা দ্বিতীয় এই হারে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার লিড কমে এসেছে মাত্র ৪ পয়েন্টে।
রোববার পয়েন্ট হারিয়েছে ইতালিয়ান সিরি-আ'র শীর্ষে থাকা ইন্টার মিলানও। এএস রোমার সঙ্গে ২-০ ও ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেছে তারা মারিও ব্যালোতেলির জোড়া গোলের সঙ্গে হার্নান ক্রেসপোরও লক্ষ্যভেদে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধানও এখন চার।
অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সেলোনাকে প্রথমে এগিয়ে নিয়েছিলেন থিয়েরি অঁরি। তারপর লিওনেল মেসির গোলে ব্যবধান দ্বিগুণ হলে মনে হয়েছিল সহজ জয়ই পেতে যাচ্ছে তারা। কিন্তু দিয়েগো ফোরল্যানের দুরপাল্লার শটে ব্যবধান কমানোর পর বার্সা ডিফেন্ডার রাফায়েল মার্কেজের ভুলে সমতা আনার সুযোগ পায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের প্রথমবারের মতো সমতায় ফেরান অ্যাগুয়েরো। এরপর স্যামুয়েল এতো আর এইদুর গুডিয়েনসেনের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে আবার বার্সেলোনাকে এগিয়ে নেন অঁরি। কিন্তু ম্যাচের দশ মিনিট বাকি থাকতে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে আবার অ্যাটলেটিকোকে সমতায় ফেরান ফোরল্যান। আর তারপর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে অ্যাগুয়েরো করেন বার্সা সমর্থকদের হৃদয় ভাঙা ওই গোলটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.
bdnews24