২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের কলঙ্ক ঘোচালেন এনামুল

আবারো বিতর্কিত পেনাল্টি দিয়ে শুরু করেছিল ঢাকা মোহামেডান। তারপর এনামুল হক শরীফের কৃতিত্বে খানিকটা কলঙ্ক মোচন করে ফরাশগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সাদাকালোরা সুপার কাপের সেমিফাইনালে। দুই ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্র"পের শীর্ষে থাকা মোহামেডান সোমবার ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে শেষ ম্যাচ খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আবারো বিতর্কিত পেনাল্টি দিয়ে শুরু করেছিল ঢাকা মোহামেডান। তারপর এনামুল হক শরীফের কৃতিত্বে খানিকটা কলঙ্ক মোচন করে ফরাশগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সাদাকালোরা সুপার কাপের সেমিফাইনালে। দুই ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্র"পের শীর্ষে থাকা মোহামেডান সোমবার ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে শেষ ম্যাচ খেলবে। তার আগেই মোহামেডানকে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার মূল নায়ক এনমুল হক শরীফ। যিনি হঠাৎ করে নিয়মিত একাদশে ঢুকে দুই গোল করে নায়ক হয়ে গেছেন। অথচ বি. লিগে মোহামেডানের একাদশে অনিয়মিতই ছিলেন তিনি। তাই ক্যারিয়ারে হঠাৎ এমন পরমানন্দ প্রাপ্তিযোগকে কীভাবে উদযাপন করতে হয় সেটাও হয়তো তার জানা নেই। চোয়াল শক্ত করে তিনি ভাবলেশহীন ভঙ্গিতে জানালেন প্রতিক্রিয়া, "লিগে ফর্মেশনের কারণে আমার একাদশে জায়গা হয়নি। তবে আজ খুব ভাল লাগছে।" তার চেয়েও বোধহয় বেশি স্বস্তি পাচ্ছে মোহামেডান টিম ম্যানেজমেন্ট। এখন তাদের অন্ততঃ বিতর্কিত পেনাল্টির কথা বলে বক্রোক্তি করতে পারবে না কেউ। প্রথম ম্যাচেও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সেরকম এক বিতর্কিত গোলে জিতেছিল তারা। শনিবারও শুরুটা হয়েছে তাদের সেরকম এক গোল দিয়ে। ইনজুরির কারণে দু'মাস মাঠের বাইরে থাকা রবিন বল নিয়ে ঢুকতে গেছেন ফরাশগঞ্জের দুই ডিফেন্ডার মামুন মিয়া ও লাকির মাঝ দিয়ে। তিনি হতে চেয়েছিলেন স্যান্ডউইচ। কিন্তু হতে পারেননি। দুজনের মাঝ দিয়ে ঢুকতে না পেরে রবিন মাটিতে লুটিয়ে পড়লে রেফারি তৈয়ব হাসান পেনাল্টির বাঁশি বাজান। শুনেই প্রতিবাদমুখর হয়ে উঠেন ফরাশগঞ্জের খেলোয়াড়রা এবং খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেক। পরে ইনজুরি টাইমে বুকোলার ওই পেনাল্টি গোল দিয়ে শুরু হয় মোহামেডানের গোল-উৎসব। তবে ফরাশগঞ্জের কোচ কামাল বাবুর দাবি, "পুরো স্টেডিয়ামের লোকজন দেখেছে কী হয়েছে। আসলে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে আমরা ম্যাচের বাইরে চলে গেছি। এরপর আমার খেলোয়াড়রাও বুঝে গেছে, যে কোনোভাবে আমাদের হারানো হবে। তখন আর খেলে লাভ কি।" ওই পেনাল্টি গোলে ফরাশগঞ্জ হতোদ্যম হয়ে পড়লেও মোহামেডান ফিরে পায় আত্মবিশ্বাস। এবং তারপর সাচ্চা-সুন্দর তিনটি গোলে করে তারা শুরুর বিতর্ককে গৌণ করে দেয়। এতে বড় অবদান এনামুল হক শরীফের। ৫৪ মিনিটে বুকোলা দারুন একটি বল বানিয়ে দেন, যা জোরালো শটে শরীফ ফরাশগঞ্জের জালে জমা করে দিয়ে মোহামেডানকে এগিয়ে দেন ২-০ গোলে। ৭৮ মিনিটেও নাসিরের পা ঘুরে আসা বলে তার কোনাকুনি শট ফরাশগঞ্জ ডিফেন্ডার মামুন মিয়ার পায়ে লেগে গোলরক্ষক সুজনকে হতবাক করে দিয়ে জালে পৌঁছে যায়। ইনজুরি টাইমে আরমান আজিজ ফ্রি-কিক থেকে করেছেন চতুর্থ গোলটি। স্বাভাবিকভাবে বড় জয়ে দারুন খুশি মোহামেডান কোচ মারুফুল হক। সঙ্গে যোগ হয়েছে নতুন দুশ্চিন্তা, দুই মাস পর ম্যাচ খেলা রবিন আবার পড়েছেন ইনজুরিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২৩৫ ঘ.