২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলল রহমতগঞ্জ, জিতল শেখ রাসেল

রহমতগঞ্জের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেও জয় 'চুরি' করে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সার্বিয়ান মিলুনোভিচের দুর্দান্ত এক গোলে বেঁচে থাকল তাদের সুপার কাপের সেমিফাইনালের স্বপ্ন। অন্যদিকে রহমতগঞ্জ দুই ম্যাচ হেরে প্রায় ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। গাণিতিক সম্ভাবনা বেঁচে থাকলেও রহমতগঞ্জের কোচ মীর ফারুক নিজেই নিরাশ, 'আমাদের আর কি সম্ভাবনা আছে!'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রহমতগঞ্জের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেও জয় 'চুরি' করে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সার্বিয়ান মিলুনোভিচের দুর্দান্ত এক গোলে বেঁচে থাকল তাদের সুপার কাপের সেমিফাইনালের স্বপ্ন। অন্যদিকে রহমতগঞ্জ দুই ম্যাচ হেরে প্রায় ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। গাণিতিক সম্ভাবনা বেঁচে থাকলেও রহমতগঞ্জের কোচ মীর ফারুক নিজেই নিরাশ, 'আমাদের আর কি সম্ভাবনা আছে!' পুরোপুরি খেলার স্রোতের বিপরীতে হয়েছে শেখ রাসেলের গোলটি। পুরো মাঠে যখন রহমতগঞ্জের আধিপত্য তখনই অবিশ্বাস্য দক্ষতায় গোলটি করেছেন মিলুনোভিচ। ৫২ মিনিটে ডানদিক থেকে সামির ওমারির ক্রসে হাওয়ায় শরীর ভাসিয়ে এই সার্বিয়ান যে ভলি মারেন তা চোখের পলকেই রহমতগঞ্জের জালে আশ্রয় নেয়। কোনো বাংলাদেশের ভলি হলে যা চোখবুজে বলে দেওয়া যেত যে বাইরে যাচ্ছে। এরপর ৫৫ ও ৫৯ মিনিটে আরও দুবার সুযোগ তৈরি করেও তিনি ব্যবধান বাড়াতে পারেননি। তারপরও প্রশ্নটি উঠতেই পারে যে শেখ রাসেল যোগ্যতর দল হিসেবে ম্যাচ জিতেছে কি-না! কারণ রহমতগঞ্জের খেলার সৌন্দর্য আর আক্রমণের মুখে দিশেহারা শেখ রাসেলকে ঢাকা মাঠের বড় দল বলে মনেই হয়নি। অথচ দলে দেশী ফুটবলারদের সঙ্গে মরক্কো ও সার্বিয়ার দুজন করে দামি ফুটবলারের সমাবেশ, যাদের ওপর ভর করে তাদের কোটি টাকার স্বপ্ন। যে কোনো মুহূর্তেই এ স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যেতে পারতো। কীরকম ঝড়ো আক্রমণের মুখে পড়তে হয়েছিল তা ভাল বলতে পারেন রাসেল গোলরক্ষক খালেদ আজম বিপ্লবই। ২৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো রহমতগঞ্জ। ইদ্রিস কাসিরির শটটি বিপ্লবের হাত ফসকে বেরিয়ে গেলেও রাসেলের এক ডিফেন্ডার বল মাঠের বাইরে পাঠিয়ে দেন। ৩৭ মিনিটে হরিক জোয়ার্দারের পা থেকে বল কেড়ে নিয়েছেন রাসেল গোলরক্ষক। এভাবে আরও কয়েকবার তিনি সমূহ বিপদের হাত থেকে বাঁচিয়েছেন দলকে। তবে রহমতগঞ্জের কোচ মীর ফারুক দুষছেন ভাগ্যকে, ''বল পজেশন ও সুযোগের দিক থেকে আমরা অনেক এগিয়ে ছিলাম। কিন্তু ভাগ্য সঙ্গে না থাকায় ম্যাচটা জিততে পারলাম না।'' সত্যি দুর্ভাগ্য ও বড় ভূমিকা রেখেচে রহমতগঞ্জের পরাজয়ে। নইলে ৮৪ মিনিটে তাদের বদলি খেলোয়াড় হানিফ প্রধানের ক্রসে ফেলিক্সের হেডটা পোস্টে লাগবে কেন! ওটা জালে গেলেই তাদের সেমিফাইনালের স্বপ্নটা অন্তত বেঁচে থাকতো। অন্যদিকে প্রথম ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের কাছে হারের পর এই ম্যাচ জয়ে টিকে থাকল শেখ রাসেলের স্বপ্ন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী, এই ম্যাচের ফলের উপরই নির্ভর করছে তাদের সেমিফাইনাল ভাগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.