লন্ডন, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উয়েফা কাপের বর্তমান চ্যাম্পিয়ন জেনিত সেন্ট পিটার্সবার্গ বড় একটা ধাক্কা খেয়েছে বৃহস্পতিবার। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে তারা ০-২ গোলে হেরে গেছে স্বাগতিক উদিনেসের কাছে। বিজয়ী দলের দুই গোলদাতা ফ্যাবিও কাগলিয়ারেল্লা ও আন্তনিও দি নাতালে।
সাবেক দুই ইউরোপীয় চ্যাম্পিয়ন অলিম্পিক মার্সেই ও আয়াক্স আমস্টার্ডামের লড়াইয়ে জয় হয়েছে মার্সেইয়ের। ঘরের মাঠে ফরাসী ক্লাবটি জিতেছে ২-১ গোলে। প্রথমার্ধে বেনোইত চেইরু ও মামাদু নিয়াং-এর লক্ষ্যভেদ ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিল ১৯৯৩-এর ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়ন (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) মার্সেইকে। গ্রেগরি ফন ডার উইয়েল লালকার্ড দেখায় দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা দশ জন নিয়ে খেললেও লুই সুয়ারেজের পেনাল্টি থেকে মূল্যবান 'অ্যাওয়ে' গোল পেয়েছে '৯৫-এর ইউরোপীয় চ্যাম্পিয়ন আয়াক্স।
চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবগুলোর সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফেলিপে কাইসেদো ও শন রাইট-ফিলিপসের গোলে ঘরের মাঠে তারা ২-০ ব্যবধানে হারিয়েছে ডেনমার্কের আলবোর্গকে।
বৃহস্পতিবার অন্যান্য ম্যাচে ওয়ার্ডার ব্রেমেন সেন্ট এতিয়েনেকে, সিএসকেএ মস্কো শাখতার দোনেৎস্ককে এবং ডায়নামো কিয়েভ মেটালিস্ট খারকিভকে হারিয়েছে। তিনটি ম্যাচেরই ফল ১-০। এছাড়া হামবুর্গ ১-১ গোলে গ্যালাতাসারাই ও প্যারিস সেন্ট জার্মেই গোলশূন্য ড্র করেছে ব্রাগার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১০ঘ.
bdnews24