রিও ডি জেনিরো, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইনজুরি কাটিয়ে এক বছর পর মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন রোনালদো। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক, তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় এই ব্রাজিলিয়ান রোববার তার নতুন ক্লাব কোরিন্থিয়ান্সকে হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন ইনজুরি সময়ে গোল করে।
ব্রাজিলিয়ান লিগের ওই ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন রোনালদোর দল।
তবে ওই গোলের পর তা উদযাপনে বাড়াবাড়ি করার অপরাধে আবার হলুদ কার্ডও দেখতে হয়েছে 'দ্য ফেনোমেনন'কে।
গত বছরের ফেব্র"য়ারি মাসে ইতালিয়ান সিরি-আ'র এক ম্যাচে এসি মিলানের হয়ে লিভর্নোর বিপক্ষে খেলতে নেমে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় এক বছর মাঠের বাইরে ছিলেন ২০০২ বিশ্বকাপের সেরা খেলোয়াড় রোনালদো। এরপর এসি মিলান ছেড়ে কোরিন্থিয়ানসে যোগ দেন তিনি, আর গত বুধবারই নতুন ক্লাবের হয়ে মাঠে নামেন প্রথমবারের মতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৩৫ ঘ.
bdnews24