মাদ্রিদ, মার্চ ৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- হঠাৎ করেই শুরু হওয়া বার্সেলোনার দু:সময় যেদিন শেষ হলো, ঠিক সেই দিনেই আবার শেষ হলো রিয়াল মাদ্রিদের জয়যাত্রা। আর এই দুয়ের যোগফলে শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনার অবস্থানটা সংহত হয়েছে আরেকটু।
স্প্যানিশ প্রিমেরা লিগায় টানা ১০ ম্যাচ জয়ের পর শনিবার নিজেদের মাঠে প্রতিবেশী অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। আর ওই দিনই অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। ১২ ম্যাচ বাকি থাকতে পেপ গার্ডিওলার দল ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, আর তাদের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আছে রিয়াল।
শনিবারের ম্যাচে ১৭ মিনিটে সার্জিও ব্যাসকেটের গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে ৩২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছেন লিওনেল মেসি। তবে এই জয়ের পরও একটা দু:সংবাদ শুনতে হয়েছে তাদের, ম্যাচের একেবারে শেষ দিকে অ্যাংকলে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন বার্সেলোনার ডিফেন্ডার কার্লোস পুয়োল, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আগের ম্যাচেই বার্সেলোনাকে হারিয়ে দেওয়া বিলবাও রিয়ালকেও চমকে দিয়েছিল। দিয়েগো ফোরল্যানের দেওয়া গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল তারাই। ৫৭ মিনিটে সেই গোল শোধ করে রিয়ালকে আরো বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছেন ক্লস ইয়ান হান্টিলার।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএইচ/১১৫৫ ঘ.
bdnews24