লন্ডন, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামকে হারাতে একটুও সমস্যা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। বুধবার ৩-০ গোলের সহজ জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরো সুসংহত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
১২ মিনিটে মাইকেল ক্যারিকের কর্নার থেকে পল স্কলসের ভলি এগিয়ে দেয়ার পর ম্যানইউকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিমিতার বার্বাতভ। 'রেড ডেভিল'দের শেষ গোলটা ওয়েইন রুনির। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে প্রায় এক মাস পর মাঠে নেমেই গোল করেছেন ইংল্যান্ড জাতীয় দলের তারকা স্ট্রাইকার। ৬১ মিনিটে বদলি হিসাবে মাঠে নেমেছিলেন। তার দু মিনিট পর প্রথম স্পর্শেই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন তিনি।
যে জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো ম্যানইউ। ৫ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই লিভারপুলের অবস্থান। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার সংগ্রহ ৫১ পয়েন্ট। ৪৯ পয়েন্ট নিয়ে চেলসি আছে চতুর্থ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫০ঘ.
bdnews24