ঢাকা, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার কোচিংয়েই ২০০৪ এর অলিম্পিক হকি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যথাক্রমে সপ্তম ও চতুর্থ হয়েছিল ভারত। সেই জার্মান কোচ গেরহার্ড পিটার রাখ'কে আগামী মে মাসে দুবাইতে অনুষ্ঠেয় এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশ হকি দলের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন হকি ফেডারেশন সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন।
আপাতত গেরহার্ডের পেছনে হকি ফেডারেশনকে কোনো বেতন গুণতে হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি, "এশিয়া কাপ পর্যন্ত আমরা তাকে শুধু এখানে থাকা-খাওয়া ও যাতায়াত সুবিধা দেব। আর তার পারিশ্রমিক দেবে সংযুক্ত আরব আমিরাত হকি ফেডারেশন।" এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক হলে জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় এসএ গেমস পর্যন্ত গেরহার্ডের দায়িত্বের মেয়াদ বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন জামিলউদ্দিন। সেক্ষেত্রে গেরহার্ডের বেতন বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাগার থেকেই দেওয়া হবে।
মঙ্গলবার ঢাকায় আসা ৬০ বছর বয়সী এই জার্মান কোচ বৃহষ্পতিবার সকালেই আবার ফিরে যাচ্ছেন। ফিরবেন দুই সপ্তাহ পর। এদিনের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সময় অল্প হলেও এরমধ্যেই বাংলাদেশ দলের ভালো ফলের ব্যাপারে তিনি আশাবাদী, "এশিয়া কাপের টার্গেট চীন কিংবা মালয়েশিয়াকে হারানো। এবং ভারত ও পাকিস্তানের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24