২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান হকি কোচ বাংলাদেশে কাজ করতে আগ্রহী

বাংলাদেশের হকিতে মুগ্ধ হওয়ার মতো কিছু নেই। না আছে খেলার মান, না আছে সেরকম আর্থিক সামর্থ্য। এমন প্রতিকুল অবস্থার মধ্যেও গেরহার্ডের বাংলাদেশে কাজ করার আগ্রহ টের পেয়েছেন হকি ফেডারেশনের কর্তারা !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের হকিতে মুগ্ধ হওয়ার মতো কিছু নেই। না আছে খেলার মান, না আছে সেরকম আর্থিক সামর্থ্য। এমন প্রতিকুল অবস্থার মধ্যেও গেরহার্ডের বাংলাদেশে কাজ করার আগ্রহ টের পেয়েছেন হকি ফেডারেশনের কর্তারা ! পুরো নাম গেরহার্ড পিটার রচ। মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন এ জার্মান হকি কোচ। তাকে ধারনা দেওয়ার জন্য জাতীয় দলের ক্যাম্পের খেলোয়াড়রা একটা প্র্যাকটিস ম্যাচের মতো খেলেছেন। আরো ধারণা নেবেন তিনি বৃহস্পতিবার পর্যন্ত ক্যাম্পের প্র্যাকটিস সেশন দেখে। তবে সামান্য দেখার অভিজ্ঞতা থেকে গেহার্ড বেশ বড় সম্ভাবনার কথা জানিয়েছেন, "আমার মনে হয় বাংলাদেশের এখন জাপান, চীন ও মালয়েশিয়ার লেবেলে থাকা উচিত।" সম্ভাবনার ভিত্তিটা হচ্ছে স্টিক-ওয়ার্ক নির্ভর খেলা, "ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের স্টিক-ওয়ার্ক দুর্দান্ত, সেটাই তাদের সম্পদ। বাংলাদেশের খেলোয়াড়রাও একই রকমের হকি খেলে।" কয়েকমাস ধরে একজন ভাল বিদেশী হকি কোচ খুঁজছে ফেডারেশন। এ খবর পেয়ে এশিয়ান হকি ফেডারেশনের ডেভেলপমেন্ট অফিসার তৈয়ব ইকরাম ও ভারতীয় হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জ্যোতি কুমার ঢাকায় পাঠিয়েছেন এই জার্মান হকি কোচকে। তার প্রোফাইলও বেশ ভাল মনে করছেন তারা। ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি চতুর্থস্থান এনে দিয়েছেন ভারতকে, এটাকে কৃতিত্ব হিসেবে ধরা ঠিক হবে কিনা কে জানে। আশির দশকে জিম্বাবুয়ে ও কেনিয়াকে কোচিং করিয়েছেন। তার আগে জার্মানি ও স্পেনে ক্লাব কোচিংয়ের মাধ্যমে শুরু হয়েছিল গেরহার্ডের কোচিং ক্যারিয়ার। তার এ প্রোফাইল দেখেই আপ্লুত হকি কর্মকর্তারা। তারা যেমন চাইছেন তেমনি এই জার্মান কোচও নাকি আগ্রহী প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে এশিয়া কাপের চ্যালেঞ্জ নিতে। আগামী মে মাসে এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ। হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ শিকদার বলেছেন, "তার সঙ্গে আলোচনা চলছে। কথাবার্তা শুনে মনে হয়েছে প্রথমে তিনি এশিয়া কাপ পর্যন্ত কাজ করতে চান বাংলাদেশে। টাকা-পয়সা নিয়ে তার অতো ভাবনা নেই।" ওই টাকা-পয়সার দিকটাই মনে হচ্ছে হকি ফেডারেশনের সুখবর। সুতরাং গেরহার্ডের সম্ভাবনাই বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.