২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব আয়োজন ছিল, তবু আবাহনীর উৎসব জমল না

গোল উৎসব, প্রতিশোধ এবং এমেকার হ্যাটট্রিকের পরও শেষ ম্যাচে আবাহনীর বি. লিগ বিজয় উদযাপন ঠিক জমেনি। কর্মকর্তারা অনেক প্রস্তুতি নিয়েও জমাতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গোল উৎসব, প্রতিশোধ এবং এমেকার হ্যাটট্রিকের পরও শেষ ম্যাচে আবাহনীর বি. লিগ বিজয় উদযাপন ঠিক জমেনি। কর্মকর্তারা অনেক প্রস্তুতি নিয়েও জমাতে পারেননি। আগের ম্যাচে শিরোপা নিশ্চিত করে ফেলা ঢাকা আবাহনীর জন্য এটা ছিল প্রতিশোধ ও শিরোপা-উৎসবের ম্যাচ। তারা রহমতগঞ্জকে ৬-৩ গোলে হারিয়ে প্রথম লেগে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছে। কিন্তু উৎসব হয়নি। উৎসবের অত্যাবশক অনুষঙ্গ হচ্ছে সমর্থক, গ্যালারি ভর্তি দর্শক। সেখানে গ্যালারি-প্যাভিলিয়ন মিলিয়ে দর্শক সংখ্যা বড়জোর হাজার-খানেক হবে, তাদের দিয়ে তো আর উৎসব হয় না। হয়েছে সামান্য হৈ চৈ আর ক্লাব-সংশ্লিষ্ট চিরচেনা সমর্থকরা নিজেদের মধ্যে রং ছিটিয়ে নিজেরাই লাফালাফি করেছেন। ঘোড়ার গাড়ি করে বিজয়ীদের ক্লাবে ফেরাটাও হয়েছে নীরবে ! আনন্দের দিনে এটা বড় বিসদৃশ মনে হয়েছে আবাহনী কোচ অমলেশ সেনের, "বেশ কয়েক বছর ধরে মাঠে নিয়মিত খেলা নেই। তাছাড়া মান অনেক নীচে নেমে গেছে। এসবের কারণে দর্শকদের আগ্রহও মরে গেছে। নইলে আমাদের সময়ে এরকম ম্যাচে গ্যালারি জনসমুদ্রে পরিণত হতো।" এখন বিনা পয়সায় খেলা দেখার সুযোগ দিলেও মাঠে আসে না দর্শকরা। গত ৩০ বছর ধরে ম্যাচ দেখার অভিজ্ঞতা থেকে বর্ষীয়ান আবাহনী সমর্থক আব্দুর রশীদ বলেছেন, "এখন মাঠে দর্শক আসবে কাদের টানে! আমাদের তো সেরকম বড় তারকা নেই, যাদের খেলা দেখার জন্য মানুষ পাগলের মতো ছুটবে।" হয়তো রশীদের অভিজ্ঞতাই সত্য। যেমন সোমবারের ম্যাচের তারকা কোনো স্বদেশী নয়, নাইজেরিয়ান ক্রিশ্চিয়ান এমেকা। এই স্ট্রাইকার লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করে জিতিয়েছেন আবাহনীকে। তারপরও প্রশ্ন থাকে, মনে গেঁথে থাকার মতো এমনকি আছে তার যা আমজনতাকে মোহগ্রস্ত করবে? ৪৫ মিনিটে মামুনের হেডে তিনি কেবল পা ছুঁইয়ে প্রথম গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন। তুলনায় ১০ মিনিট পরের গোলটি অনেক সুন্দর, এমিলির মাইনাসে ডান পায়ের প্লেসিং শটটি পোস্ট ঘেঁষে জালে আশ্রয় নেয়। হ্যাটট্রিক পূরণের গোলটি তো রহমতগঞ্জের বদলি গোলরক্ষক ইরান শেখের উপহার। ডানদিক থেকে বদলি ডিফেন্ডার সিরাজীর ক্রসটি তার গ্রিপ থেকে ছুটে গেলে এমেকা নিজের দ্বিতীয় হ্যাটট্রিক এবং ১৭তম গোলটি পেয়ে যান। লিগে এই প্রথমবারের মতো আবাহনী একেবারে 'ওপেন' ম্যাচ খেলেছে। ডিফেন্স নিয়ে অতো চিন্তা না করে শুরু থেকেই তারা প্রথম লেগে হারের প্রতিশোধ নেওয়ার মিশনে নামে। তাতেই ব্যাকফুটে রহমতগঞ্জ। এবং ২৭ বাঁদিক থেকে ওয়ালি ফয়সালের ক্রসে মামুনুল ইসলাম মামুন টোকা মেরে প্রথম এগিয়ে নেন দলকে। মিনিট তিনেক পর পেনাল্টি থেকে ফ্রান্সিস সেই গোল শোধ করে ম্যাচে ফিরিয়ে আনেন রহমতগঞ্জকে। যদিও খেলোয়াড়দের গোলমুখী দৌড়ে তার প্রথম দুটো শট বাতিল করে দেন রেফারি আব্দুল হান্নান মিরন। ফ্রান্সিসের দ্বিতীয় গোলটিও যথারীতি পেনাল্টি থেকে। ওই গোলের আগেই আবাহনী ৩-১ গোলে এগিয়ে যায়। ৪০ মিনিটে ১-১ গোলের সমতা ভেঙ্গে আবাহনীকে এগিয়ে নেন জাহিদ হাসান এমিলি। টাচ-লাইনের কাছাকাছি জায়গা থেকে পাঠানো মাইনাসে টোকা মেরে গোলটি করেছেন আবাহনীর তরুণ স্ট্রাইকার। ৭৫ মিনিটে জাহেদ পারভেজের গোলে আবাহনী এগিয়ে যায় ৫-২ গোলে। তারপর হীরক জোয়ার্দারের গোলে ব্যবধান ৫-৩ হলেও এমেকার হ্যাটট্রিক পূরণের গোলে আবাহনীর গোল-উৎসব থামে। কিন্তু হোঁচট খেতে হয়েছে শিরোপা উৎসবে গিয়ে। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাজয়ীরা লিগ শেষ করেছে যুগপৎ আনন্দ ও আক্ষেপ নিয়ে ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.