২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগা খান কাপ ও ফুটবল সিরিজ হচ্ছে না

আগা খান গোল্ড কাপ ও শ্রীলঙ্কার সঙ্গে ফুটবল সিরিজ এ বছর আর হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আগা খান গোল্ড কাপ ও শ্রীলঙ্কার সঙ্গে ফুটবল সিরিজ এ বছর আর হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বছরের যে ক্যালেন্ডার দিয়েছে তাতে জায়গা হয়নি আগা খান গোল্ডকাপের। হয়নি কারণ আগা খানের পরিবার থেকে সেরকম সাড়া পাওয়া যায়নি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "তাদের কাছে আমরা বাজেট পাঠানোর পর সেরকম আগ্রহ দেখিনি। এই টুর্নামেন্ট হচ্ছে না ধরে নিতে পারেন।" গত বছর মে মাসে প্রিন্স করিম আগা খান বাংলাদেশ সফরে আসার পর ১৯৮২ সালে বন্ধ হয়ে যাওয়া এ ফুটবল টুর্নামেন্ট আলোচনায় আসে। তারপর বাফুফে কয়েক দফা দ্বিপাক্ষিক সভা করে এবং বাজেট পাঠায় আগা খান কর্তৃপক্ষের কাছে। তবে তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে রণেভঙ্গ দিয়েছে বাফুফে। এদিকে শ্রীলঙ্কা ইতিমধ্যে ঢাকায় আসার জন্য লিখিতভাবে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। আগামী ১৫ ও ১৭ মার্চ তারা ঢাকায় বাংলাদেশের সঙ্গে দুটো ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু বাফুফে সভাপতি অপারগ, কারণ তখন সুপার কাপ নিয়ে ব্যস্ত থাকবে ঢাকার ক্লাবগুলো। আবার না-ও করতে পারছেন না, কারণ এ ফুটবল সিরিজের প্রস্তাব গিয়েছিল বাফুফের তরফ থেকে। সেরকম নেপাল ও মালদ্বীপের সঙ্গে সিরিজ হওয়ার কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি। কিন্তু এ মুহূর্তে তিনি অসহায়, "আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের শিডিউল এমনই ঠাসা যে সেখানে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ খেলার সুযোগ আপাতত নেই। তারপরও নভেম্বর-ডিসেম্বরের দিকে চেষ্টা করবো।" এরপরই তিনি হেসে যোগ করেছেন, "এটা আমার জন্য মধুর সমস্যা। আগে যেখানে খেলা হতো না সেখানে এখন আমি শিডিউল দিতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২০৬ঘ.