ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সুপার কাপের 'সুপার' চ্যাম্পিয়ন খুঁজতে টুর্নামেন্টের প্রথাগত ফরম্যাট থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন ফরম্যাটের পাশাপাশি আকর্ষণীয় আয়োজন নিশ্চিত করতে তারা প্রথমবারের মতো ২ কোটি টাকার ফুটবল টুর্নামেন্টটি তুলে দিচ্ছে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে।
'বেস্ট অব থ্রি ফাইনাল'-এর কথা সবাই জানে, 'সুলতানী আমলে' টেলিটক সিরিজে হয়েছিল। কিন্তু চারটি সেমিফাইনালের ধারণা আমাদের দেশে নতুন। এটা হয় ইউরোপিয়ান ফুটবলের চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা কাপে। ঘরোয়া ফুটবলেও তার প্রচলন করতে যাচ্ছে বাফুফে, সুপার কাপ টুর্নামেন্টে। দুটো সেমিফাইনালের জায়গায় হবে চারটি।
মানে ফাইনালে ওঠার জন্য দুই প্রতিপক্ষ একটি ম্যাচের বদলে দু'বার মুখোমুখি হবে। হার-জিতে বা গোল পার্থক্যে সেমিফাইনালের নিষ্পত্তি না হলে টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানোর জন্যই বাফুফে এই ফরম্যাটের দ্বারস্থ হয়েছে। প্রথমে আটটি দল দু'গ্র"পে ভাগ হয়ে খেলবে। তবে বিভক্তিটা বি. লিগের ক্রমানুসারে হবে নাকি লটারির মাধ্যমে তা এখনো ঠিক করেনি সুপার কাপ কমিটি।
গ্র"প পর্ব শেষে শীর্ষ চার দল (দু'গ্র"পের দুটি করে চারটি) খেলবে কাপ পর্বে। আর নীচের চার দলের জন্য থাকছে প্লেট পর্বের আরেকটি আয়োজন। সেখানেও আছে অর্থ পুরস্কারের ছড়াছড়ি।
এসবই করা হচ্ছে প্রায় ২ কোটি টাকার সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানোর স্বার্থে। তাই আয়োজনকে নিখুঁত করতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, "টুর্নামেন্টের একটি কমিটি তো থাকবেই, তারা ইভেন্ট ম্যানেজমেন্টকে একটা গাইড-লাইনও দেবে।" আসলে স্বাধীন বাংলা ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে বড় এক ধাক্কা খেয়েছেন সভাপতি। বাফুফে সদস্য সিরাজুল ইসলাম বাচ্চু'র কমিটি এমন এক অনুষ্ঠান উপহার দিয়েছিলেন যা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। তাই আর ঝুঁকি না নিয়ে এবার সিটিসেলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আহবান জানাচ্ছেন এ ফুটবল টুর্নামেন্টকে সর্বাঙ্গীণ সুন্দর করতে।
এছাড়া আগামী ৩ মার্চ থেকে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে বিদেশীদের খেলানোর বিষয়টিও চূড়ান্ত হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী প্রত্যেক দলে ৪ জন করে বিদেশী খেলানো যাবে। যদিও সর্বোচ্চ ৫ জনকে রেজিস্ট্রেশন করানো যাবে। এই সিদ্ধান্তে হার হয়েছে ঢাকার দুই পরাশক্তি আবাহনী-মোহামেডানের। তারা লিগের মতোই চার বিদেশীর রেজিস্ট্রেশন এবং তিনজন খেলাতে চেয়েছিল। কিন্তু বাকি দলগুলো আপত্তি করায় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৩০ঘ.
bdnews24