ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- এগিয়ে আসছে সুপার কাপ ফুটবল। ৬ মার্চ নয়, তিনি দিন এগিয়ে ৩ মার্চ থেকে এ টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপার কাপ কমিটির সভায় তারিখ পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বাফুফে সহ-সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর বলেছেন, "নানা বিষয় চিন্তা করে টুর্নামেন্ট এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বাফুফে সভাপতি স্বাক্ষরিত চিঠি দিয়ে ক্লাবগুলোর কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে এ সিদ্ধান্ত।" সিদ্ধান্ত পরিবর্তনের কারণ ব্রাজিলিয়ান কোচ এডসন ডিডো প্রশিক্ষণের জন্য জাতীয় দল চাইছেন আগেভাগে।
আগামী ১৬ ফেব্র"য়ারি শেষ হবে সিটিসেল বি. লিগ। তার আগেই চূড়ান্ত হয়ে গেছে বি. লিগের শীর্ষ আট দল---- ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, শেখ রাসেল, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম মোহামেডান, ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনী। তাদের নিয়েই সিটিসেলের অর্থায়নে সুপার কাপের জমজমাট আয়োজন। যার বড় আকর্ষণ চ্যাম্পিয়ন দলের জন্য এক কোটি টাকার প্রাইজমানি ঘোষণা। রানার্স-আপ দল পাবে ২৫ লাখ টাকা। এছাড়াও চার সেমিফাইনালিস্ট পাবে বাড়তি ৫ লাখ টাকা করে। বিতর্ক এড়াতে দুটো সেমিফাইনাল ও ফাইনালের জন্য দেশের বাইরে থেকে রেফারি আনার কথাও চিন্তা করছে বাফুফে।
এখনো বাইলজ চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে ঢাকার দুই বড় দল আবাহনী ও মোহামেডান ৪ জন করে বিদেশী খেলানোর ব্যাপারে আপত্তি জানিয়েছে কিন্তু যদিও তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে অন্য দলগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে বাইলজ চূড়ান্ত হলে বিষয়গুলো পরিস্কার হবে। এছাড়া ফাইনালে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে আনারও পরিকল্পনা করছে বাফুফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.
bdnews24