মার্শেই, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফ্রান্স-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচে ২-০ গোলে জিতেছে ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা। ম্যারাডোনার অধীনে এর আগেও একটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, কিন্তু ম্যারাডোনা- মেসি জুটির এটাই প্রথম ম্যাচ। আর বুধবার রাতের এই ম্যাচে অসাধারণ খেলার পাশাপাশি দলের দ্বিতীয় গোলটি করে মেসি জানিয়ে দিলেন ম্যারাডোনার দলের স্বপ্নপূরণের নায়ক হতে তৈরি হচ্ছেন তিনি। আর্জেন্টিনার প্রথম গোলটি করেছেন মিডফিল্ডার গুটিয়েরেজ।
দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের ম্যাচ। তাছাড়া আর্জেন্টিনার কোচ ম্যারাডোনা এবং তিনি দায়িত্ব নেয়ার পর এই প্রথম মেসি দলে। কাজেই ম্যাচটিকে ঘিরে কৌত'হল ছিল। সেটা আরও বাড়িয়ে দিয়েছিল ম্যাচের আগের কথাবার্তা। কোনো তর্ক নয়, বরং দুই দলের একে-অন্যের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশে এই প্রীতি ম্যাচের পটভূমিটা ছিল সত্যিকারের প্রীতিময়। ম্যারাডোনা ফ্রান্সে এসেই ঘোষণা করেন, ম্যাচের ভেন্যু যে মার্শেই তাদের দল অলিম্পিক মার্শেইয়ের হয়ে খেলার জন্য একবার চুক্তি পর্যন্ত করে ফেলেছিলেন ম্যারাডোনা। থিয়েরি অঁরি জানান দেন তার বার্সেলোনা টিমমেটকে তিনি যতটুকু প্র্যাকটিসে দেখেছেন তাতে তাকে আটকানো অসম্ভব। মেসি বলেন, অঁরিকে প্রথম দিন দেখে তিনি মোহগ্রস্থ হয়ে পড়েছিলেন, এই কি সেই লোক যে আর্সেনালের হয়ে এমন অসাধারণ সব গোল করেছে! এবং ম্যাচেও সেই প্রীতিটা ছিল। খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ, দর্শকরা প্রাণভরে উপভোগ করেছে, কিন্তু কোনো গোলমালের ঘটনা নেই। নিজের মাঠে হেরে যাওয়ার পর ফ্রেঞ্চরা অভিবাদন জানিয়েছে আর্জেন্টাইনদের।
মেসির সঙ্গে জুটি বেঁধেছিলেন ম্যারাডোনার জামাতা অ্যাগুয়েরো। দুজনই দারুণ কুশলী, সেটা দিয়ে তারা শুরু থেকেই চেষ্টা করছিলেন, কিন্তু ফ্রান্স ডিফেন্স ছিল যথেষ্ট জমাট। তাই গোল পেতে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। গোলটা করেন প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলে খেলা গুটিয়েরেজ। ডানদিকে একটা লুজ বল ধরে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে তিনি এগিয়ে নেন আর্জেন্টিনাকে। সেই এক গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হবে বলে যখন সবাই একরকম নিশ্চিত, তখনই ৮২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যাগুয়েরোর বদলী হিসেবে নেমেই কার্লোস তেভেজ দারুণ একটা পাস বাড়ান মেসিকে, মেসি সেটা ধরে স্বভাবমতো একজন ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠান জালে।
যদি বল দখলের হিসাব করা হয় তাহলে এগিয়ে ছিল ফ্রান্সই। যদি প্রশ্ন হয় দুই গোলরক্ষকের মধ্যে কে বেশি ব্যস্ত সময় কাটিয়েছে তাহলে সেই প্রশ্নের উত্তরেও আসবে আর্জেন্টাইন গোলরক্ষকের নাম। তারপরও ফ্রান্স গোলের দেখা পায়নি, তার কারণ আর্জেন্টিনার রক্ষণভাগ তাদের দুর্গ রক্ষার কাজটা করেছে খুব ভালো। আর ফ্রান্সের রিবেরি ছাড়া আর কারো খেলায় সেই দুর্গ ভাঙ্গার মতো ধার ছিল না।
বুধবারের অন্য উল্লেখযোগ্য প্রদর্শনী ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। স্পেনের গোল দুটো করেছেন ডেভিড ভিয়া এবং লরেন্তে। এই জয়ের সুবাদে টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকল ইউরো শিরোপাধারীরা।
বড় অঘটনের শিকার হয়ে জার্মানি ক্রিশ্চিয়ান হাইন্ডহেমের গোলে ০-১ গোলে হেরে গেছে নরওযের কাছে। জিততে পারেনি নেদারল্যান্ডও। তারা ১-১ গোলে ড্র করেছে তিউনিসিয়ার সঙ্গে। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার হানটেলার করেছেন নেদারল্যান্ডের গোলটি। তিউনিসিয়ার গোলটি শাইহি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৩২৫ঘ.
bdnews24