ঢাকা, ফেব্র"য়ারি১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ঢাকা মোহামেডানকে বড় জয় উপহার দিয়েছেন বুকোলা ওলালেকান। এ নাইজেরিয়ানের চার গোলে সাদা কালোরা ৪-০ গোলে খুলনা আবাহনীকে হারিয়ে রানার্স-আপের কাছাকাছি পৌঁছে গেছে। এই জয়ে ১৯ ম্যচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪১ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা শেখ রাসেলের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট। বাকি দুটো ম্যাচ জিতলে তাদের সংগ্রহ মোহামেডানের সমান হবে। সেক্ষেত্রে আগামী ১৬ ফেব্র"য়ারি শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করলেই সিটিসেল বি. লিগে রানার্স-আপ হয়ে যায় ঢাকা মোহামেডান। মানে তাদের এক পয়েন্ট হলেই হয়।
এই ম্যাচে আরেকটি ব্যাপারও নিশ্চিত হয়েছে, খুলনা আবাহনীর অবনমন। ১৯ ম্যাচ পর মাত্র ৫ পয়েন্ট নিয়ে তারা আগের মতোই পয়েন্ট তালিকার সর্বনিম্নে অবস্থান করছে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের বিপক্ষে মোহামেডান দুর্বার হবে এটাই স্বাভাবিক। ৮ মিনিটেই তারা গোল বের করে নেয়। ডানদিক থেকে শরীফের বাড়ানো বলটিতে প্লেসিং করে বুকোলা এগিয়ে নেন দলকে। ২৪ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুন করেছেন পেনাল্টি থেকে। সেটা উপহার দিয়েছেন খুলনা আবাহনীর রনজিৎ, মোহামেডানের মিশরীয় মিডফিল্ডার হাজেম খালেদের শট হাত দিয়ে ঠেকিয়ে। দু'মিনিট পরেই শরীফের ক্রসে হেড করে বুকোলা নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেন। এর আগে বি. লিগের প্রথম লেগে তিনি মুক্তিযোদ্ধার বিপক্ষে করেছিলেন নিজের প্রথম হ্যাটট্রিক।
এরপর ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে ম্যাচের চতুর্থ গোলটিও করেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। সুবাদে ১৯ ম্যাচে ১৬ গোল করে আলফাজকে টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি। তার পরেই আছেন শেখ রাসেলের আলফাজ, ১৮ ম্যাচে তার গোল সংখ্যা ১৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24