ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ----- ফুটবল ক্ষতিগ্রস্ত হবে না, এমন আশ্বাসে খানিকটা স্বস্তি ফিরেছে ফুটবলে। তাদের কামনা একটি 'সুন্দর ফর্মূলা' যা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল খেলাকে বাধাগ্রস্ত করবে না আবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যও তৈরি হতে পারবে স্টেডিয়াম।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। গত মঙ্গলবার সরকারের এমন সিদ্ধান্তের খবর শুনে রীতমতো আঁতকে উঠেছিলেন ফুটবল কর্তারা। কারণ থমকে যাওয়া ফুটবল এই মাঠেই একটু একটু করে এগুতে শুরু করেছে। সরকারের ওই সিদ্ধান্তে ফুটবলের অগ্রযাত্রায় ছেদ পড়বে, স্পন্সর পিছিয়ে যাবে---- এটাই ফুটবলের সঙ্গত আশংকা। বুধবার ক্রীড়াপ্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে আলাপের পর আশংকার জায়গা নিয়েছে স্বস্তি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ক্রীড়াপ্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছেন, "মন্ত্রী আমাদের আশ্বস্ত করে বলেছেন, ফুটবল ক্ষতিগ্রস্ত হবে না। তা কেউ করতেও চায় না। সবাই বোঝে ফুটবলও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা।"
বুধবার বিকেল ৪ টায় ক্রীড়াপ্রতিমন্ত্রী আহাদ আলী সরকার মন্ত্রণালয়ে বৈঠক করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে, এসময় ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি বাদল রায়ও। সভায় আলোচিত হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানজনিত সমস্যার কথা। স্টেডিয়াম নিশ্চয়ই সংস্কার করা হবে, তাতে ফুটবল খেলা ব্যাহত হবে। ফুটবলের স্পন্সর সিটিসেলও পিঠটান দিতে পারে। এসব নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরা হয়েছে ফুটবলের পক্ষ থেকে। জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন বাফুফে সভাপতিকে, তাই তিনিও বলছেন, "একসঙ্গে কাজ করার একটা ফর্মূলা আমাদের বের করতে হবে। যেন কোনো পক্ষের ক্ষতি না হয়। আগামী দু-দিনের মধ্যে সব পক্ষকে সঙ্গে নিয়ে মন্ত্রী বসবেন। তখনই আশা করি সমাধানের একটা রাস্তা খুলে যাবে।" আগামী দু-এক দিনের মধ্যে ফুটবল, ক্রিকেট ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে একটি যৌথ সভায় বসবেন ক্রীড়াপ্রতিমন্ত্রী ।
এখন সমস্যা একটাই, স্টেডিয়ামের সংস্কারকালীন সময়ে ফুটবল খেলা কতদিন বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে ফুটবল ফেডারেশন সর্বোচ্চ এক মাস ছাড় দিতে রাজি। আর এই সময়ের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত করতে পারলে কোনো আপত্তি নেই বাফুফের। কাজী সালাউদ্দিন স্পষ্ট করে বলেছেন, "সর্বোচ্চ এক মাস ছাড় দিতে পারবো, তখন ফুটবল না হলে সমস্যা হবে না। আমিও আশা করি মন্ত্রী আমার কাছে এমন কিছু চাইবেন না যাতে ফুটবলের ক্ষতি হয়।"
বিএনপি-জামাত জোট সরকারের আমলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম হয়েছে 'হোম অব ক্রিকেট'। সেটা বাদ দিয়ে সরকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান করতে চাইছে। অথচ এটা এখন ফুটবলের। আগে যেখানে ক্রিকেটও হতো। এখন হয় না, বিএনপি-জামাত জোট সরকার এ স্টেডিয়াম থেকে ক্রিকেটকে বিদায় দিয়েছিল। অনেকের ধারনা স্টেডিয়ামের নামের সঙ্গে 'বঙ্গবন্ধু' জড়িয়ে আছে বলেই তা করা হয়েছিল। তার জবাব দিতেই কী মহাজোটের সরকার ক্রিকেট মহযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ? বিতর্কে না গিয়ে বাফুফে সভাপতি বলেছেন, "বঙ্গবন্ধু আমাদের সবার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম/এসবি/এমএম/২২০০ঘ.
bdnews24