২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কলারিকে বরখাস্ত করলো চেলসি

সাত মাস যেতে না যেতেই চেলসির সঙ্গে লুই ফেলিপে স্কলারির সম্পর্ক শেষ! ইংলিশ প্রিমিয়ার লিগে একটানা ব্যর্থতার জের ধরে সোমবার স্কলারিকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

লন্ডন, ১০ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাত মাস যেতে না যেতেই চেলসির সঙ্গে লুই ফেলিপে স্কলারির সম্পর্ক শেষ! ইংলিশ প্রিমিয়ার লিগে একটানা ব্যর্থতার জের ধরে সোমবার স্কলারিকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে চেলসি। গত বছর আভরাম গ্রান্টের উত্তরসূরী হিসাবে দায়িত্ব নেয়া 'বিগ ফিল'-এর অধীনে শুরুটা দুর্দান্ত হয়েছিল 'ব্লুজ'-এর। এবারের ইংলিশ লিগে প্রথম আট ম্যাচে ছয়টি জয় ও দুটো ড্র তাদের নিয়ে গিয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু তারপর থেকেই পতনের সূচনা। গত অক্টোবর স্ট্যামফোর্ড ব্রিজে লিভারপুলের কাছে ০-১ গোলে হেরে যায় চেলসি। যে পরাজয় ঘরের মাঠে ৮৬ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্বে ছেদ টেনে দিয়েছিল তাদের। নভেম্বরের শেষ দিকে আর্সেনালের কাছে হেরে যাওয়ার পর থেকে একটানা ড্র রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের দলকে ছিটকে দিয়েছে শিরোপা-লড়াই থেকেও। গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে নবাগত হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করায় তারা এখন লিগ টেবিলের চতুর্থ স্থানে, এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট পেছনে। হাল সিটির সঙ্গে ব্যর্থতা আর সহ্য করতে পারেনি চেলসি কর্তৃপক্ষ। ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, "আজ (সোমবার) থেকে চেলসি ফুটবল ক্লাবের ম্যানেজার হিসাবে লুই ফেলিপে স্কলারিকে বরখাস্ত করা হলো। যোগ দেয়ার পর থেকে ফেলিপে ক্লাবে অনেক ইতিবাচক বিষয় নিয়ে এসেছিলেন। আমাদের সম্পর্কটা এত তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য আমরা সবাই ভীষণ দুঃখিত। দুর্ভাগ্যজনকভাবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলের ফলাফল ও পারফরম্যান্সের ক্রমাবনতি হয়েছে।" মাত্র সাত মাসে চেলসির সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ায় ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এবং 'ইউরো ২০০৪'-এর রানার্সআপ পর্তুগালের কোচ স্কলারি নিজেও মর্মাহত। তবে দুঃখটা চেপে রেখে সদ্য সাবেক হওয়া ক্লাবের প্রতি তার শুভকামনা, "চেলসি এবং ইংলিশ ফুটবলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। (আমার জন্য) এটা খুবই মূল্যবান অভিজ্ঞতা। আমি খুব দুঃখিত যে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়নি। যে তিনটি প্রতিযোগিতায় চেলসি অংশ নিচ্ছে সেগুলোতে তাদের সাফল্য কামনা করছি আমি।" আপাতত সহকারী কোচ রে উইলকিন্স অস্থায়ীভাবে কোচের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে চেলসি ক্লাব কর্তৃপক্ষ। স্কলারির উত্তরসূরী হিসাবে বেশ কয়েক জনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে আছেন চেলসির দুই সাবেক কোচ আভরাম গ্রান্ট ও জিয়ানফ্রাঙ্কো জোলা, রাশিয়ার বর্তমান কোচ গাস হিডিঙ্ক, ইন্টার মিলানের সাবেক কোচ রবার্তো মানচিনি ও বার্সেলোনার সাবেক কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৫ঘ.