ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সিটিসেল বি. লিগ শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে সুপার কাপের আবাহন! বাফুফের ফুটবল সংস্কৃতিতে এটা বেমানান মনে হলেও বিস্ময়কর সত্যি হচ্ছে আগামী ডিসেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের সূচী ঠিক করেছে কাজী সালাউদ্দিনের কমিটি। তারা ঘোষণা দিয়েছে আগামী ৬ মার্চ থেকে শুরু হবে সুপার কাপ ফুটবল। তারপর ফেডারেশন কাপ দিয়ে অক্টোবর থেকে নতুন ফুটবল মৌসুমের শুরু।
লিগ বা টুর্নামেন্ট শেষ হলে ফুটবল কর্তারাও বিশ্রামে যাবেন এবং খেলোয়াড়রা আন্দোলনে গেলে গা ঝাড়া দেবেন, এটাই ছিল বাফুফের সংস্কৃতি। এবার শুরু হচ্ছে সুস্থ স্বাভাবিক ফুটবল সংস্কৃতির-চর্চা। বি. লিগ শেষ হওয়ার আগেই কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন, "আগামী ৬ মার্চ থেকে সুপার কাপ ফুটবল শুরু হবে।" সোমবার বাফুফের জরুরি কমিটির সভা শেষে জানিয়েছেন বাফুফে সভাপতি।
অবশ্য আগে থেকেই আলোচনায় ছিল সুপার কাপ। চ্যাম্পিয়ন দলের এক কোটি টাকা প্রাইজমানিই আকর্ষনীয় করে তুলেছে নতুন এই টুর্নামেন্টকে। সেই আকর্ষণেই জমে উঠে বি. লিগের সেরা আটে থাকার লড়াই। কারণ পেশাদার লিগের শীর্ষ আট দলই কেবল তাতে খেলার সুযোগ পাবে। এছাড়া বাকি সবই এখনো রহস্যেঘেরা। সভাপতি চাইছেন আস্তে আস্তে সুপার কাপের রহস্য উন্মোচন করতে।
সোমবারের এ সভায় মূলত আলোচনা হয়েছে ফুটবল ক্যালেন্ডার নিয়ে। এবং আপাতত ডিসেম্বর পর্যন্ত ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়েছে। যেখানে অক্টোবর থেকে ধরা হয়েছে নতুন ফুটবল মৌসুম। বাফুফে সভাপতি বলেছেন, "এখন থেকে ফুটবল মৌসুম শুরু হবে অক্টোবর থেকে আর প্রতিবছরই এটা আমরা ধরে রাখতে চাই।" তা শুরু করার জন্য আগামী জুলাই-আগস্টে রাখা হয়েছে নতুন মৌসুমের দলবদল। সেপ্টেম্বরে প্রস্তুতির পর অক্টোবরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে মৌসুম, তারপর সিটিসেল বি. লিগ।
সুপার কাপের পর মার্চের শেষের দিকে শুরু হবে আরেকটি নতুন প্রতিযোগিতা, জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ। আগের জাতীয় লিগের জায়গায় এসেছে এটা। এর চরিত্রও পুরোপুরি আলাদা। কোনো পেশাদার ক্লাব দল খেলতে পারবে না, জেলার ক্লাব দলগুলোকে নিয়েই দেশব্যাপী হবে ক্লাব চ্যাম্পিয়নশিপ। এ সিদ্ধান্তের পেছনে বাফুফে সভাপতির যুক্তি, "ক্রিকেটের মতো সবকিছুতে পেশাদার লিগের দলগুলো ঘুরেফিরে খেলতে থাকলে আকর্ষণ ধরে রাখা কঠিন হবে। তাছাড়া জেলার ক্লাবগুলোকে চাঙ্গা করার জন্য জমজমাট একটা আয়োজনও দরকার। জেলার নতুন খেলোয়াড়রা যেন ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রথম চমক দিতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে।" এটা কতোদিন কীভাবে চলবে, সে ব্যাপারে এখনো কিছু ঠিক হয়নি।
তবে মে মাসটা হবে বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক মাস। মাসের শুরুর দিকে ঢাকায় হবে এএফসি চ্যালেঞ্জ কাপের বাংলাদেশের গ্র"পের খেলা। সুপার কাপের পরপরই চ্যালেঞ্জ কাপের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ব্রাজিলিয়ান কোচ ডিডোর তত্ত্বাবধানে। চ্যালেঞ্জ কাপের মিশন শেষ হলে মে মাসের শেষেরদিকে হবে ঢাকা আবাহনীর এএফসি প্রেসিডেন্ট কাপের বাছাইপর্বের খেলা।
এছাড়াও ক্যালেন্ডারের শেষে ইভেন্ট হিসেবে রাখা হয়েছে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটা এখনই খুব জোরের সঙ্গে বলছেন না সভাপতি, তবে আগামী নভেম্বর-ডিসেম্বরে এমন একটা আয়োজনের সম্ভাবনা জাগিয়ে রেখেছে বাফুফে। জাতীয় দল নিয়ে নাকি বিদেশী ক্লাবগুলোর অংশগ্রহণে তা এখনো আলোচনার টেবিলেও গড়ায়নি।
ক্যালেন্ডারে আরো ছোটখাটো অনেক অয়োজনই আছে যার বিস্তারিত জানা যাবে মঙ্গলবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব সূচী মেনে আয়োজনগুলো হবে কি না ? অতীত নেতিবাচক জবাব দিলেও বাফুফে সভাপতি প্রতিশ্র"তি দিয়েছেন, "ক্যালেন্ডার সবকিছুই ঠিক-ঠাক মতো হবে, আপনারা মিলিয়ে নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24