ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- হকি স্টিকের বদলে তাদের হাতে ছিল ক্রিকেট ব্যাট, কেউ কেউ ফুটবল খেলেছেন। এই হচ্ছে এসএ গেমসের হকি ক্যাম্পের চিত্র ! বিভিন্ন দাবিতে ক্যাম্প বর্জন করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৩ জন হকি খেলোয়াড়।
গত ১০ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু হলেও সোমবার থেকে তারা প্রশিক্ষণ বর্জন শুরু করেছেন। কারণ তাদের খাবারের মান ভালো নয়, হকি স্টেডিয়ামের পাশের রুমগুলোতে গাদাগাদি করে থাকতে হয় এবং গত ১১ মাসে হকি লিগ শুরুর কোনো উদ্যোগ নেই। এসব সমস্যার আশু সমাধান চাইছেন টিটু-চয়নরা, নইলে তারা টানা অনুশীলন বর্জন করবেন।
খেলোয়াড়দের এই প্রতিবাদ চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না কোচ আব্দুল মালেক চুন্নুর, "আমি তাদের প্রশিক্ষণে ফেরার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা না বলে ফিরবে না বলে জানিয়েছে।" এদিকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিনের মোবাইল ফোন বন্ধ, অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে খেলোয়াড়দের অভিযোগ, "তিনি এটাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্র্যাকটিস ক্যাম্প বলে এড়িয়ে গেছেন।" অথচ জামিলও বিওএ'র একজন সহ-সভাপতি!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.
bdnews24