২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস

গত জুলাইতে স্পেনের ক্লাব সেভিয়া ছেড়ে জুভেন্টাসে যোগ দিলেও সমর্থকদের মন পাচ্ছিলেন না ক্রিশ্চিয়ান পোলসেন। অবশেষে উৎসবের একটা উপলক্ষ পেলেন এই ড্যানিশ স্ট্রাইকার। রোববার ইনজুরি সময়ে গোল করে জুভদের দারুণ একটা জয় এনে দিয়েছেন তিনি, আর ক্যাটানিয়ার বিপক্ষে ২-১ গোলের এই জয়ে এসি মিলানকে টপকে ইতালিয়ান সিরি-আ'র পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

রোম, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত জুলাইতে স্পেনের ক্লাব সেভিয়া ছেড়ে জুভেন্টাসে যোগ দিলেও সমর্থকদের মন পাচ্ছিলেন না ক্রিশ্চিয়ান পোলসেন। অবশেষে উৎসবের একটা উপলক্ষ পেলেন এই ড্যানিশ স্ট্রাইকার। রোববার ইনজুরি সময়ে গোল করে জুভদের দারুণ একটা জয় এনে দিয়েছেন তিনি, আর ক্যাটানিয়ার বিপক্ষে ২-১ গোলের এই জয়ে এসি মিলানকে টপকে ইতালিয়ান সিরি-আ'র পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে তার দল। অথচ এই ম্যাচটায় পয়েন্ট হারানোই জুভেন্টাসদের নিয়তি বলে মনে হচ্ছিল। ম্যাচের ১২ মিনিটেই গোল করে জুভেন্টাসকে এগিয়ে নিয়েছিলেন ভিনসেনজো ইয়াকিন্তা, কিন্তু জার্সি খুলে সেই গোল উদযাপন করতে গিয়ে হলুদ কার্ড দেখেছেন তিনি। আর মিনিটখানেক পরেই একটা সাধারণ ফাউলের কারণে দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। বাকি সময়টা ১০ জন নিয়ে খেলা জুভেন্টাসকে পরের ধাক্কাটা দিয়েছেন জাপানি স্ট্রাইকার তাকাইয়ুকি মরিমতো। দ্বিতীয়ার্ধের শুরুতে তার গোলে সমতা এনে একটি পয়েন্ট কেড়ে নেওয়ার সম্ভাবনাই জাগিয়েছিল ক্যাটানিয়া। কিন্তু ইনজুরি সময়ে পোলসেনের ওই গোল আর সেটা হতে দেয়নি। এই জয়ে ২৩ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ দাঁড়ালো ৪৬। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ৭ পয়েন্ট পেছনে থাকলেও এখন তারা এসি মিলানের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে। রোববারের অন্য এক ম্যাচে আলবার্তো জিলার্দিনোর শেষ মিনিটের গোলে লাৎসিওকে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ফিওরেন্টিনা। তাদের পয়েন্ট ৪১। আর দুই ব্রাজিলিয়ান সিসিনিয়ো ও হুলিও বাপ্তিস্তা এবং মারকো ভুসিনিচের দেওয়া তিনগোলে জেনোয়াকে হারিয়েছে এএস রোমা। দুদলেরই সংগ্রহ এখন ৪০ পয়েন্ট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩৫ ঘ.