মাদ্রিদ, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা সপ্তম ম্যাচ জিতে আগের দিন বার্সেলোনার সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পরদিনই আবার ১২ পয়েন্টের লিড ফিরে পেয়েছে বার্সেলোনা। ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল এতো'র জোড়া গোলে রোববার তারা ৩-১ গোলে হারিয়েছে স্পোর্টিং গিজনকে।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে মোটে ২৪ মিনিট। এই গোলটির আসল কারিগর অবশ্য আন্দ্রেস ইনিয়েস্তা, স্প্যানিশ জাতীয় দলের এই মিডফিল্ডারের গড়ে দেওয়া পাস থেকেই তার ট্রেডমার্ক সেন্টারে এবারের প্রিমেরা লিগায় নিজের ২০তম গোলটি করেছেন এতো। বিরতির আগেই পেয়ে গেছেন একুশতমটিও, এবার ডানপ্রান্ত থেকে সেটি গড়ে দিয়েছেন লিওনেল মেসি। ৬০ মিনিটে বার্সেলোনার পক্ষে তৃতীয় গোলটি করেছেন ড্যানিয়েল অ্যালভেস, আর ম্যাচ শেষের দুমিনিট আগে স্পোর্টিংয়ের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করেছেন কিকে ম্যাটিও।
এই জয়ে ২২ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ দাঁড়ালো ৫৯। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
রোববারের অন্য একটি ম্যাচে ওসাসুনার কাছে ০-১ গোলে হেরে গেছে চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়া। আর জিউসেপ্পে রসির জোড়া গোলে নুমানসিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে ভিলারিয়াল। এদিকে, দিয়েগো ফোরল্যানের দুটি আর সার্জিও আগুয়েরোর একটি গোলের সুবাদে রিক্রিয়েটিভো হেলভাকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৫ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩০ ঘ.
bdnews24