২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে ফিরলেন বেকহাম

মিলানে বসে একই দিনে একটা সুখবর আর একটা দু:সংবাদ পেলেন ডেভিড বেকহাম। দু:সংবাদটা ছোট, ধারে খেলতে এসে এসি মিলানে থেকে যাওয়ার ইচ্ছে পুরণ হওয়াটা আপাতত অনিশ্চিত। কারণ, তাকে স্থায়িভাবে পেতে এসি মিলানের দেওয়া প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি। কিন্তু অন্য একটা ইচ্ছে আবার এদিন পুরণ হয়েছে সাবেক ইংল্যান্ড অধিনায়কের। জাতীয় দলে আবার ডাক পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:54 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

লন্ডন, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিলানে বসে একই দিনে একটা সুখবর আর একটা দু:সংবাদ পেলেন ডেভিড বেকহাম। দু:সংবাদটা ছোট, ধারে খেলতে এসে এসি মিলানে থেকে যাওয়ার ইচ্ছে পুরণ হওয়াটা আপাতত অনিশ্চিত। কারণ, তাকে স্থায়িভাবে পেতে এসি মিলানের দেওয়া প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি। কিন্তু অন্য একটা ইচ্ছে আবার এদিন পুরণ হয়েছে সাবেক ইংল্যান্ড অধিনায়কের। জাতীয় দলে আবার ডাক পেয়েছেন তিনি। বুধবার সেভিয়ায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে প্রদর্শনী ম্যাচের জন্য ঘোষিত ২৩ জনের দলে তাকে রেখেছেন ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ ওয়েস্টহ্যামের স্ট্রাইকার কার্লটন কো আর অ্যাস্টনভিলার মিডফিল্ডার জেমস মিলনারও। নভেম্বর মাসে জার্মানির বিপক্ষে এমনই একটি প্রদর্শনী ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন বেকহাম। কিন্তু বুধবারের ম্যাচে ইনজুরির কারণে মধ্যমাঠের তারকা স্টিভেন জেরার্ড ও জোল কোল আর ফরোয়ার্ড ওয়েইন রুনিকে পাওয়া যাচ্ছে না বলে বেকহামের মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল। আর এই ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেই রেকর্ড গড়বেন তিনি, ছুঁয়ে ফেলবেন গোলরক্ষক ছাড়া অন্য ভূমিকায় ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১০৮বার মাঠে নামার রেকর্ড। মিলানের হয়ে ভালো খেলারই পুরস্কার হিসেবে এই সুযোগটা পাচ্ছেন বেকহাম। আর সে কারণেই মিলানও চাইছে মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি থেকে তাকে স্থায়িভাবে কিনে নিতে। তবে সেই উদ্যোগটা আপাতত ঝুলে গেছে বলেই জানিয়েছেন মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি, "আমরা গ্যালাক্সিকে একটা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছে।" তিনি অবশ্য আশাবাদী, মিলানে ধারে খেলতে আসা বেকহামের ফিরে যাওয়ার সময় হওয়ার আগেই একটা কিছু হয়ে যাবে, "আপাতত আমরা অনেক দূরে পড়ে আছি, তবে এখনো তো হাতে একটা মাস রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৪ ঘ.