ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দুই মোহামেডানের লড়াইয়ে জিতেছে ঢাকা মোহামেডান। শুক্রবার তারা ১-০ গোলে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে রানার্স-আপ হওয়ার পথে একধাপ এগিয়েছে। এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা এখন এককভাবে দ্বিতীয় স্থানে। আর চট্টগ্রাম মোহামেডানের সংগ্রহ ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট। শুক্রবার তাদের ছুঁয়েছে ফরাশগঞ্জ, তারা ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। তাতে করে চট্টগ্রাম মোহামেডান ও ফরাশগঞ্জ এখন যুগ্মভাবে পঞ্চম স্থানে।
দুই মোহামেডানের ম্যাচটি হওয়ার কথা ছিল চট্টগ্রামে। কারণ এটা চট্টগ্রাম মোহামেডানের হোম ম্যাচ। কিন্তু দু-পক্ষের সম্মতিতে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ঢাকা মোহামেডানের আধিপত্য থাকলেও জিতেছে কোনোরকমে। ৬৭ মিনিটে আব্দুল বাতেন কমলের দেওয়া একমাত্র গোলই ছিল ম্যাচের নির্ধারক।
দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ অবশ্য তেমন ভাল খেলেনি মুক্তিযোদ্ধার বিপক্ষে। হাতে গোনা দুটি সুযোগের একটি কাজে লাগিয়ে তারা ম্যাচ জিতে নিয়েছে। ৫৯ মিনিটে একমাত্র গোলটি করেছেন ফরাশগঞ্জের এনামুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২৩০৫ঘ.
bdnews24