মাদ্রিদ, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বিভোর। স্প্যানিশ কিংস কাপেও 'বার্সা'র দুরন্ত অগ্রযাত্রা অব্যাহত। বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মায়োরকাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে বড় এক পদক্ষেপ রেখেছে তারা।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকে প্রতিপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়লেও গোলের জন্য ৩৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। বোজান কিরকিচ ও আন্দ্রেস ইনিয়েস্তা দুবার গোলের কাছাকাছি গেলেও ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচাতে পারেননি।
শেষ পর্যন্ত স্বাগতিকরা এগিয়ে গেছে থিয়েরি অঁরির বুদ্ধিদীপ্ত লক্ষ্যভেদে। ডানদিক থেকে আসা কিরকিচের নিখুঁত এক ক্রস ধরে দুজন 'মার্কার'কে বোকা বানিয়ে দলকে এগিয়ে দিয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার (১-০)।
বার্সেলোনার জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলের পটভূমি দুর্দান্ত এক ফ্রিকিক। ৭৩ মিনিটে বক্সের ঠিক বাইরে ইনিয়েস্তাকে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ফেলে দিলে ফ্রিকিকটা পায় 'বার্সা'। ইনজুরির সঙ্গে অনেক দিন ধরে লড়াই করা রাফায়েল মার্কেজের বাঁক খাওয়ানো শট বুঝতেই পারেননি মায়োরকা গোলকিপার জার্মান লাক্স।
এর আগে বুধবার অন্য সেমিফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক সেভিয়া। সেমিফাইনালের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে। ১৩ মার্চ অনুষ্ঠেয় ফাইনালের ভেন্যু ভ্যালেন্সিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.
bdnews24