২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর শিরোপা জেতার দিনেও উৎসব করার লোক নেই মাঠে!

দীর্ঘ ছয় মাসের সিটিসেল বি. লিগ অভিযানের পর এখন ঢাকা আবাহনীর মুঠোয় লিগ শিরোপা। দ্বিতীয়বারের মতো শিরোপাকে আলিঙ্গন করা আকাশী-নীলরাই দেশের সেরা পেশাদার ফুটবল দল !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ছয় মাসের সিটিসেল বি. লিগ অভিযানের পর এখন ঢাকা আবাহনীর মুঠোয় লিগ শিরোপা। দ্বিতীয়বারের মতো শিরোপাকে আলিঙ্গন করা আকাশী-নীলরাই দেশের সেরা পেশাদার ফুটবল দল ! প্রতিদ্বন্ধীদের সঙ্গে তফাৎ এতটাই বেশি যে ঢাকা আবাহনীকে শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হয়নি। দ্বিতীয় শীর্ষ দল হয়েও শেখ রাসেল পারেনি তাদের রুখে দিতে। পারবেও-বা কী করে! মাঠে নামার আগেই যে তাদের আবাহনী-ভীতি পেয়ে বসেছিল। সেই ভয় এবং নিজেদের ক্ষয়িষ্ণু ফুটবল দিয়ে শেখ রাসেল নামমাত্র লড়াই করতে পেরেছে। ফল শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারিয়ে ঢাকা আবাহনী ধরে রেখেছে সিটিসেল বি. লিগ শিরোপা। এই শিরোপার সৌরভ তাদের নাকে লাগছিল ঢাকা মোহামেডানকে হারানোর পর থেকেই। তারপর দুটো জয়ে তা বাড়-বাড়ন্ত। এবার তারা একেবারে শিরোপা সৌরভে মাতোয়ারা। নিমিষেই সব চাপ উবে গিয়ে ডানা মেলা পাখির মতো উড়ছেন খেলোয়াড়রা। কোচ অমলেশ সেনের মুখে সাফল্যের হাসি, যে হাসিতে এখন আগের টেনশনভরা দিনগুলিকেও কত সহজ মনে হচ্ছে, "লিগের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে হার দিয়ে আমাদের শুরু হয়েছিল। সেই পরাজয়ের শিক্ষা পরে আমাদের অনেক কাজ দিয়েছে। তবে আমাদের দল ভাল ছিল, মাঝে-মধ্যে খারাপ খেললেও তাদের মধ্যে শিরোপার তৃষ্ণাটা শেষপর্যন্ত ধরে রাখতে পেরেছি।" গত বছর 'আনলাকি' ১৩ সেপ্টেম্বরে তাদের যাত্রা শুরু হয়েছিল রহমতগঞ্জের কাছে হেরে। প্রথম লেগ শেষেও এমন কিছু পার্থক্য ছিল না মোহামেডান-ব্রাদার্সের সঙ্গে; এগিয়ে ছিল মাত্র ৩ পয়েন্ট। কিন্তু দ্বিতীয় লেগে এই আবাহনীর সম্পূর্ণ অন্য চেহারা, ৯ ম্যাচের মধ্যে টানা ৮ ম্যাচ জিতে প্রতিদ্বন্ধীদের ছিটকে ফেলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। সব মিলিয়ে আবাহনীর পয়েন্ট ১৯ ম্যাচে ৪৭। এই হারের পর শেখ রাসেলের পয়েন্ট ৩৫, ১৮ ম্যাচে। মোহামেডানের পয়েন্টও সমান, কিন্তু তারা ম্যাচ খেলেছে একটি কম। শিরোপা উৎসব শেষ করে ১০ দিন পর আবাহনী তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জের। সঙ্গত কারণেই প্রাক-ম্যাচ আলোচনায় শেখ রাসেল কোচ ওয়াজেদ গাজী বলেছিলেন, "আবাহনী উড়ছে।" বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেমেও তা হাড়ে হাড়ে টের পেয়েছেন শেখ রাসেলের খোলোয়াড়রা। মাত্র এক পয়েন্টের তাড়না বলেই হয়তো প্রথমার্ধে আবাহনী ছিল ডিফেন্সমুখী। তখন দু-তিনবার শেখ রাসেল আবাহনীর ডিফেন্সে হানা দিলেও তেমন সুবিধা করতে পারেনি। এর মধ্যে আবাহনী কিছু করতে না পারলেও শেখ রাসেলের গোলরক্ষক আজম বিপ্লবকে মাঠের বাইরে পাঠানোর একটা ব্যবস্থা করে ফেলে। ৩৫ মিনিটের এক আক্রমণে আবাহনীর ই্ব্রাহিমের সঙ্গে ধাক্কায় ব্যাথা পান রাসেলের এক নম্বর গোলরক্ষক। ব্যথা নিয়েও তিনি খেলেছেন আরও ১০ মিনিট, কিন্তু তারপর তাকে মাঠ ছাড়তেই হয়। তার জায়গায় আসেন দ্বিতীয় গোলরক্ষক টিটু এবং যেন সঙ্গে নিয়ে আসেন গোলও। তার মাঠে আসার এক মিনিটের মধ্যেই ইব্রাহিমের শট ক্রসবারে লাগে এবং পরের আক্রমণে গোল পেয়ে যান আরিফ খান জয়। নজরুলের শট ডিফেন্সে বাধা পেয়ে ফিরে আসার পর জয়ের সাইড ভলি রাসেলের জালে আশ্রয় নিলে আবাহনী ১-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষের দিকেই আবাহনী খেলাটা ধরে ফেলে। তার জেরে দ্বিতীয়ার্ধে আর দাঁড়াতেই পারেনি শেখ রাসেল। ৫৬ মিনিটে দলকে দ্বিতীয় গোল উপহার দেন জাহিদ হাসান এমিলি। এমেকার থ্রু আয়ত্তে নিয়ে দুই ডিফেন্ডারকে নাকানি-চুবানি খাইয়ে লিগে নিজের দ্বাদশ গোলটি করেছেন আবাহনীর এই তরুণ স্ট্রাইকার। এরপর আক্রমণের ঝড় বইয়ে দিয়ে আরো কয়েকটি দুর্দান্ত সুযোগ তৈরি করেও তারা শেষপর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি। শেষে বরং ম্যাচের উল্টোস্রোতে একটি গোল খেয়ে বসে। শেষ বাঁশির অপেক্ষায় একটু ঢিলেঢালা হতেই রাজনের ক্রসে হেড করে আলফাজ আহমেদ ব্যবধান কমিয়েছেন এবং ১৫-তম গোল করে নিজেকে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছেন এককভাবে। এই গোল ছাড়া শেখ রাসেল তেমন কিছু পায়নি এ ম্যাচ থেকে। কিন্তু আবাহনী পেয়েছে অনেক, পড়েছে লিগের শ্রেষ্ঠত্বের মুকুটও। কিন্তু এই আনন্দের দিনে সমর্থকরা নেই ! মাত্র হাজার দুয়েক দর্শকের মধ্যে সবাই তো আর আবাহনী নয়। সেজন্যই বোধহয় জয়োল্লাসটা ঠিক জয়োৎসবে রূপ নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.