২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবারই উৎসব করে ফেলতে প্রস্তুত আবাহনী

শিরোপা উৎসবের জন্য আবাহনীর ব্যাপক প্রস্তুতি নেই। তবে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা যেন বৃহস্পতিবারেই এক পয়েন্টের দূরত্ব গুছিয়ে বি. লিগ শিরোপাকে আলিঙ্গন করতে পারে নতুন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- শিরোপা উৎসবের জন্য আবাহনীর ব্যাপক প্রস্তুতি নেই। তবে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা যেন বৃহস্পতিবারেই এক পয়েন্টের দূরত্ব গুছিয়ে বি. লিগ শিরোপাকে আলিঙ্গন করতে পারে নতুন করে। এই মধুর আলিঙ্গনের জন্য গতবারের চ্যাম্পিয়নরা অভিযান শুরু করেছিল সেই সেপ্টেম্বরে। কিন্তু দীর্ঘ যাত্রায় কখনো তারা জয়ের বিকল্প কিছু ভাবতে পারেনি। ভাবেনি শিরোপার শেষাংকটা এমন সহজ হয়ে যাবে। যেখানে জয়ের শর্ত নেই, শেখ রাসেলের সঙ্গে বৃহস্পতিবার ড্র হলেই নীল-আকাশীর উৎসব পূর্ণতা পায়। উৎসবের রং ড্রেসিংরুম ছাড়িয়ে পুরো স্টেডিয়ামে ছড়িয়ে পড়তে পারে। তা ঠেকাতে পারে কেবল শেখ রাসেল ক্রীড়াচক্র। কিন্তু বিপন্ন এই প্রতিপক্ষ ইতিমধ্যে মানসিক জোর হারিয়ে ফেলেছে, যদিও মুখে জয়ের কথা বলছে ! অনেকদিন ধরেই শিরোপার সৌরভ নাকে লাগছে আবাহনীর। যদিও অমলেশ সেন তা গোপন রেখেছিলেন। গত ম্যাচে ব্রাদার্সকে হারানোর পর থেকে এই আবাহনী কোচও পাল্টে ফেলেছেন নিজেকে। তার বহিরঙ্গে খুশির হাওয়া আর গলায় বাজছে আত্মবিশ্বাসী সুর, "এখন বলাই যায়, চ্যাম্পিয়নশিপ ট্রফির ওপর আমরা হাত রাখতে যাচ্ছি। শেখ রাসেলের ম্যাচেই আমরা তা নিশ্চিত করতে চাই। প্রয়োজন এক পয়েন্ট হলেও আমরা জয়ের জন্যই মাঠে নামবো।" শেষের কথাটার গুরুত্ব কতোটা আছে কে জানে, কারণ খেলোয়াড়দের কন্ঠে শোনা গেছে এক পয়েন্টের তাগিদ। এজন্য পুরো দল তৈরি। মিডফিল্ডার মামুনের একটু ইনজুরি বাদ দিলে অন্য কাউকে নিয়ে তাদের কোনো সমস্যা নেই। এক পয়েন্টের লড়াইয়ে যখন যাকে দরকার তখন তাকে ব্যবহার করবেন আবাহনী কোচ। আবাহনী শিবিরজুড়ে এমনই আত্মবিশ্বাসী হাওয়া যে খেলোয়াড়রা মুখিয়ে আছেন বৃহস্পতিবার সাড়ে চারটা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু এই ম্যাচের জন্য। এটাও এক ধরনের চাপ, তা বুঝতে পেরে কোচ বুধবার সকালেই তাদের বলে রেখেছেন, "বাড়তি টেনশন নেওয়ার দরকার নেই, স্বাভাবিক থাকার চেষ্টা করো।" তিনি চান এটা হোক লিগের আর পাঁচটা ম্যাচের মতোই। যেভাবে আবাহনী নিজেদের সেরাটা খেলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়। আবাহনীর এই সুসংগঠিত রূপটাকেই ভয় পাচ্ছেন ওয়াজেদ গাজী। শেখ রাসেলের কোচ গত দু ম্যাচে আবাহনীর খেলার প্রসঙ্গ টেনে বলেছেন, "সত্যিকারভাবে আবাহনী এখন উড়ছে। মোহামেডান ও ব্রাদার্সকে যেভাবে তারা হারিয়েছে তাতে যে কোনো প্রতিপক্ষই তাদের ভয় পাবে।" শেখ রাসেলও ভয় পাচ্ছে। আবাহনীর পথের কাঁটা হয়ে দাঁড়ানোর সংকল্পটাও সেভাবে শোনা যায়নি ওয়াজেদ গাজীর গলায়, "আমার সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে সামির ওমারির তিন হলুদ কার্ড। তারপর মরক্কোর রেধাও দেশে ফিরে গেছে। এরকম ভাঙ্গা দল নিয়ে আমাদের লড়তে হবে আবাহনীর সঙ্গে। আমরা চেষ্টা করবো, কারণ জিতলে আমরা রানার্স-আপের লড়াইয়ে থাকবো। " এ লড়াইয়ের আগে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল ও ঢাকা মোহামেডান। তাই এই ম্যাচে তারা মোহামেডানকে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু ক্ষয়িষ্ণু শেখ রাসেল বাস্তবে কতোটা পারবে বলা মুশকিল। কারণ শিরোপার জন্য নামছে। আর এ ম্যাচে না হলে তাদের ১১ দিন অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের প্রতিপক্ষ রহমতগঞ্জের জন্য। এই অনিশ্চিত অপেক্ষার জন্য তৈরি নয় আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.