বুয়েনস এইরেস, ৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার আরেকটা সুযোগ পেলেন হুয়ান সেবাস্টিয়ান ভেরন। আগামী ১১ ফেব্র"য়ারি মার্সেইয়ে এক প্রীতি ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য ঘোষিত দলে ভেরনকে রেখেছেন আর্জেন্টিনার কোচ 'গ্রেট' ডিয়েগো ম্যারাডোনা।
এক সময় লাৎসিও, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো বড় দলে খেললেও এখন ভেরনের ঠিকানা আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেস। সেখানে অবশ্য তার দিনকাল ভালোই কাটছে। ২০০৮ সালে উরুগুইয়ান পত্রিকা 'এল পেইস'-এর এক জরীপে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন। তারই পুরস্কার হিসাবে আবার আর্জেন্টিনা দলে ডাক পেলেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিখ্যাত আকাশী-সাদা জার্সি গায়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি।
তবে ভেরন ফিরলেও আর্জেন্টিনা দলে জায়গা হয়নি হুয়ান রিকুয়েলমের। আর্জেন্টাইন মিডিয়ার ধারণা আগামী রোববার আর্জেন্টাইন চ্যাম্পিয়নশিপে জিমন্যাসিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্যই বোকা জুনিয়র্সের প্লেমেকারকে দলে রাখেননি ম্যারাডোনা।
ম্যারাডোনার অধীনে এটা হতে যাচ্ছে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। গত নভেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতে কোচ হিসাবে শুভ সূচনা করেছিলেন আর্জেন্টাইন 'ফুটবল-ঈশ্বর'।
আর্জেন্টিনা দল :
গোলকিপার : হুয়ান পাবলো ক্যারিজো, সার্জিও রোমেরো।
ডিফেন্ডার : হাভিয়ের জানেত্তি, মার্টিন ডেমিচেলিস, গ্যাব্রিয়েল হাইঞ্জ, ড্যানিয়েল ডিয়াজ, নিকোলাস বুর্দিসো, ওয়াল্টার স্যামুয়েল, মার্কোস অ্যাঞ্জেলেরি, এমিলিয়ানো পাপা।
মিডফিল্ডার : হাভিয়ের মাসকেরানো, ফার্নান্দো গ্যাগো, ম্যাক্সি রড্রিগেজ, হোনাস গুতিয়েরেজ, লুই গঞ্জালেস, হুয়ান সেবাস্টিয়ান ভেরন, ড্যানিয়েল মন্টেনেগ্রো, ক্রিস্টিয়ান লেদেসমা।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, কার্লোস তেভেজ, এজেকুইয়েল লাভেজ্জি, লিসান্দ্রো লোপেজ, জার্মান ডেনিস, অ্যাঞ্জেল ডি মারিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬১৭ঘ.
bdnews24