২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউলের রেকর্ড গড়ার দিনে জুভেন্টাসের হার

সেই ১৯৯৪এর অক্টোবরে রিয়ালের জার্সি গায়ে অভিষিক্ত রাউল গঞ্জালেস ঐতিহ্যবাহী ক্লাবটির বহু সুখ-দুঃখের সঙ্গী, অজস্র অর্জনে ধন্য। রিয়ালের এই 'ঘরের ছেলে' শনিবার স্পর্শ করলেন আরেকটি মাইলফলক। রিয়ালের পক্ষে 'গ্রেট' আলফ্রেডো ডি স্টেফানোর ৩০৭টি গোলের রেকর্ডে এখন রাউলও অংশীদার। রাউলের রেকর্ডধন্য ম্যাচটিতে জয় পেতেও সমস্যা হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। 'প্রিমেরা লিগা'য় নুমানসিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। ৪৮ মিনিটে রাউল এগিয়ে দেয়ার পর ৫৬ মিনিটে দলের জয় নিশ্চিত করেছেন আরিয়েন রবেন। টানা ষষ্ঠ জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা যথারীতি শীর্ষে। রোববার তারা খেলবে রেসিং সানতান্দারের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

মাদ্রিদ/লন্ডন/মিলান, ১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেই ১৯৯৪এর অক্টোবরে রিয়ালের জার্সি গায়ে অভিষিক্ত রাউল গঞ্জালেস ঐতিহ্যবাহী ক্লাবটির বহু সুখ-দুঃখের সঙ্গী, অজস্র অর্জনে ধন্য। রিয়ালের এই 'ঘরের ছেলে' শনিবার স্পর্শ করলেন আরেকটি মাইলফলক। রিয়ালের পক্ষে 'গ্রেট' আলফ্রেডো ডি স্টেফানোর ৩০৭টি গোলের রেকর্ডে এখন রাউলও অংশীদার। রাউলের রেকর্ডধন্য ম্যাচটিতে জয় পেতেও সমস্যা হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। 'প্রিমেরা লিগা'য় নুমানসিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। ৪৮ মিনিটে রাউল এগিয়ে দেয়ার পর ৫৬ মিনিটে দলের জয় নিশ্চিত করেছেন আরিয়েন রবেন। টানা ষষ্ঠ জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা যথারীতি শীর্ষে। রোববার তারা খেলবে রেসিং সানতান্দারের বিপক্ষে। শনিবার রেকর্ড গড়েছেন এডউইন ফন ডার সারও। মজার ব্যাপার হলো তার রেকর্ডটা রাউলের ঠিক বিপরীত! রাউল করেছেন গোল করার রেকর্ড, আর ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ফন ডার সার গোল না খাওয়ার! গত সপ্তাহে চেলসির পিওতর চেকের ২০০৪-০৫ মৌসুমে গড়া ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি সময় গোলপোস্ট অক্ষত রাখার রেকর্ড ভেঙ্গে দিয়েছিলেন। শনিবার ভাঙ্গলেন ইংল্যান্ডের সব লিগ মিলিয়ে গড়া রেডিং গোলকিপার স্টিভ ডেথের ১৮ ঘন্টা ২৩ মিনিট গোল না খাওয়ার রেকর্ড। প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচ ম্যানইউ'র জালে বল ঢুকতে দেননি ফন ডার সার। সর্বশেষ গোল খেয়েছিলেন ৮ নভেম্বর আর্সেনালের বিপক্ষে। তবে ফন ডার সারের রেকর্ড গড়ার দিনে তার দল বড় ব্যবধানে জিততে পারেনি। নিজের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ ১-০ গোলে হারিয়েছে এভারটনকে। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে 'রেড ডেভিল'দের জয়সূচক গোলদাতা ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এই জয়ের ফলে শিরোপা লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেলসি ও লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল ইংলিশ চ্যাম্পিয়নরা। ২৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে চেলসি ও লিভারপুল দু দলেরই পয়েন্ট ৪৮। রোববার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হবে দু দল। প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশী আরেক দল আর্সেনাল আবার হোঁচট খেয়েছে। গত বুধবার এভারটনের সঙ্গে ড্র করা 'গানার'দের তাদেরই মাঠ এমিরেটস স্টেডিয়ামে রুখে দিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। গত তিন বছরে ঘরের মাঠে প্রথম গোলশূন্য ড্র করা আর্সেনাল ২৪ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে পঞ্চম স্থানে। উইগান অ্যাথলেটিকের সঙ্গে গোলশূন্য ড্র করে চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৮। চেলসি-লিভারপুলের সমান পয়েন্ট হলেও গোলগড়ে পিছিয়ে আছে তারা। ইতালিয়ান সিরি 'আ'তে অঘটনের জন্ম দিয়েছে ক্যালিয়ারি। জুভেন্টাসকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে তারা। টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত জুভেন্টাসের ২২ ম্যাচ থেকে সংগ্রহ ৪৩ পয়েন্ট। রোববার লাৎসিওকে হারাতে পারলে 'জুভ'দের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে যাবে এসি মিলান (৪১ পয়েন্ট)। ৪৯ পয়েন্ট নিয়ে দুদলের চেয়ে অনেকখানি এগিয়ে আছে ইন্টার মিলান। রোববার বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ তোরিনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩৫ঘ.