ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় অনুষ্ঠিত এশীয় দলগত দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুরুষ ও মহিলা দুই বিভাগেই ষষ্ঠ হয়েছে। ৭ খেলায় ৪ জয় ও ৩ পরাজয় নিয়ে পুরুষ দল পেয়েছে ৮ পয়েন্ট। মহিলা দল ২ জয়, ১ ড্র ও ৩ পরাজয় নিয়ে পেয়েছে ৬ পয়েন্ট।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও ১১ পয়েন্ট নিয়ে ভিয়েতনাম হয়েছে রানার্স-আপ। মহিলা বিভাগে ভিয়েতনাম ১৩ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আর ১০ পয়েন্ট নিয়ে রানার্স- আপ হয়েছে ভারত।
পুরুষ বিভাগে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও ইয়েমেনসহ ১০টি দল অংশ নেয়। মেয়েদের বিভাগে ইয়েমেন অংশ না নেয়ায় দল ছিল ৯টি। প্রসঙ্গত, বর্তমান দাবা কমিটির সঙ্গে কিছু খেলোয়াড়ের মতবিরোধের কারণে এ আসরে বাংলাদেশ সেরা দল পাঠাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২৪৫ ঘ.
bdnews24