লন্ডন, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে চেলসি ১-১ গোলে ড্র করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে। আর ইতালিয়ান লিগ 'সিরি-এ'-তে শিরোপা প্রত্যাশী ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে ল্যাজিওকে।
ম্যান ইউ ও আর্সেনালের কাছ থেকে পরিস্কার ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল চেলসির। জয় আসলেই ম্যান ইউয়ের চেয়ে ৬ এবং আর্সেনালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে যেতো ব্লুজরা। কিন্তু জয় তো অনেক দূরের ব্যাপার পরাজয়ই জুটতো তাদের কপালে যদি না রেফারি মাইক ডিনের দেয়া বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি তাদের পক্ষে যেতো। পেনাল্টি থেকে গোল করে চেলসিকে সমতা ফিরিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ম্যাচের তখন ৬১ মিনিট। এর আগে প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। তাদের গোলটিও পেনাল্টি থেকে হয়েছে। অ্যালেজান্দ্রো দিয়েমেন্তির নেয়া পেনাল্টি ঠেকানোর সাধ্য ছিল না চেলসি গোলরক্ষক পিতার চেকের। এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচে চেলসির পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৪১। সমান সংখ্যক খেলায় ম্যান ইউয়ের সংগ্রহ ৩৭, আর আর্সেনালের পয়েন্ট ৩৫। তবে গানার্সরা একটা ম্যাচ কম খেলেছে।
অন্যদিকে 'সিরি-এ'-তে ইন্টার এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। সান সিরোতে ইন্টার মুখোমুখি হয়েছিল ল্যাজিওর। মাইনাস ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খেলতে নেমে ইন্টার জয় পেয়েছে স্যামুয়েল ইতোর ১৬ মিনিটের গোলে। এই গ্রীষ্মে বার্সেলোনা থেকে ইন্টারে যোগ দেয়া ইতো সিরি এ-তে ১৬ ম্যাচে ১৬ গোল পেয়েছেন। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ইন্টার এগিয়ে গেলো ৮ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩৩৭ ঘ.
bdnews24